রাধারমণের গানের আসর
অশীতিপর চন্দ্রাবতী রায় বর্মণ যখন মঞ্চে এলেন, তখন সন্ধ্যার আঁধার ঘনিয়ে এসেছে। শিল্পকলা একাডেমীর মাঠভরা লোক সাধক রাধারমণের হূদয়ছোঁয়া গানের সুরে-বাণীতে তন্ময় হয়ে আছেন। বিকেল থেকেই শুরু হয়েছিল গানের পালা। তবে মঞ্চে চন্দ্রাবতী রায় বর্মণের উপস্থিতি যেন নতুন মাত্রা যোগ করল গানের আসরে। গান শুরুর আগেই শ্রোতারা বিপুল করতালিতে অভিনন্দিত করলেন এই প্রবীণ সংগীতসাধককে। পরপর তিনটি গান করলেন তিনি। শুরু করেছিলেন ‘সুবল মন্দ আর বলিসনে তোরা’ গানটি দিয়ে। এখনো স্পষ্ট উচ্চারণ, দরাজ তাঁর কণ্ঠ। মাতিয়ে দিলেন শ্রোতাদের ‘কী আচানক দেইখে আইলাম যমুনারই জলে’ এবং ‘শুন গোপ প্রাণ সই’ গেয়ে।
গতকাল শনিবার একাডেমীর প্রাঙ্গণে দুই দিনব্যাপী রাধারমণসংগীত উৎসবের ছিল শেষ দিন। রাধারমণ সংস্কৃতি চর্চাকেন্দ্র ও শিল্পকলা একাডেমী যৌথভাবে এ উৎসবের আয়োজন করেছে। অনুষ্ঠান শুরু হয়েছিল বেলা তিনটায়। কেন্দ্রের সাধারণ সম্পাদক শিল্পী বিশ্বজিৎ রায় স্বাগত বক্তব্য দেন। রাধারমণের গান নিয়ে আলোচনা করেন মাঈনুদ্দিন খন্দকার। এরপর গানের পালা। সুনামগঞ্জ ও ঢাকার শিল্পীরা গেয়েছেন সাধক রাধারমণের বিভিন্ন আঙ্গিকের গান। গানগুলোর মধ্যে ছিল ‘কারে দেখাব মনের দুঃখ গো’, ‘পাষাণ মন রে বুঝাইও/ তুমি চিনিয়া মানুষের সঙ্গ লইয়ো’, ‘ভ্রমর কইও গিয়া’, ‘আজ কেন রে প্রাণের সুবল’,‘ বিনোদিনী গো তোর বৃন্দাবন কারে দিয়া যাবি’, ‘কুল নিল গো শ্যামের বাঁশি’ এমন অজস্র গানে গানে রাত নয়টা অবধি শ্রোতাদের মন ভরিয়ে দিয়েছিলেন শিল্পীরা।