
আকাশে হালকা কুয়াশা। বিকেলের হাওয়া একটু ঠান্ডাও। শিল্পকলা একাডেমীর মাঠে বিপুলসংখ্যক শ্রোতা তন্ময় হয়ে আছেন ‘প্রাণ সখীরে ওই শোন কদম্বতলায় বংশী বাজায় কে’, ‘আসবে শ্যাম কালিয়া’, ‘জলে যাইও না গো রাই’ হূদয়ছোঁয়া এমন গানে।
গতকাল শুক্রবার থেকে এখানে শুরু হয়েছে দুই দিনব্যাপী রাধারমণ-সংগীত উৎসব। তৃতীয় বারের মতো এ উৎসবের আয়োজন করেছে রাধারমণ সংস্কৃতি চর্চাকেন্দ্র ও শিল্পকলা একাডেমী। সকাল ১০টায় বেলুন উড়িয়ে রাধারমণের গানে প্রবীণ শিল্পী সিলেটের চন্দ্রাবতী রায় বর্মণ উৎসবের উদ্বোধন করেন। এরপর ছিল আলোচনা পর্ব। প্রধান অতিথি ছিলেন অধ্যাপক রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। সভাপতিত্ব করেন একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী। বক্তব্য দেন কেন্দ্রের সভাপতি মাহমুদ সেলিম, সাধারণ সম্পাদক শিল্পী বিশ্বজিৎ রায় প্রমুখ।
গানের পালা শুরু হয়েছিল বাঁশরিয়া শিল্পীগোষ্ঠীর সমবেত পরিবেশনা ‘আমার মন করে আকুল’ গানটি দিয়ে। পরে চন্দ্রাবতী রায় বর্মণ, সুষমা দাস, হিমাংশু বিশ্বাসসহ বিশিষ্ট শিল্পীরা গান গেয়ে শোনান। সকালের আয়োজনটি চলে সাড়ে ১২টা পর্যন্ত। সংগীতানুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হয়েছিল বেলা তিনটায় বাউল সূর্য লালের গাওয়া ‘যার লাগি হইলাম বৈরাগী’ গানটি দিয়ে। ঢাকা ও সিলেটের প্রবীণ-নবীন শিল্পীরা সংগীতসাধক রাধারমণের বিভিন্ন ধরনের গানে শ্রোতাদের মাতিয়ে রাখেন। গানের মাঝে মাঝে নাচেরও আয়োজন ছিল। গানের সঙ্গে ‘নটরাজ’ ও ‘ভোরের পাখি’র শিল্পীরা সমবেত নৃত্য পরিবেশন করেন।
উৎসবের প্রথম দিনের শিল্পীদের মধ্যে ছিলেন সুধীর লাল দাস, তন্বী দেব, আকরাম আলী, পলক অধিকারী, বাঁধন আচার্য, প্রান্ত আচার্য, স্বপ্ন দেবনাথ, লাভলী লস্কর, আমির আলী, শামীম আহমেদ, রাখাল চক্রবর্তী, রামেন্দ্র চন্দ্র দাসসহ অনেকে। আজ শনিবার দ্বিতীয় দিনের অনুষ্ঠান শুরু হবে বিকেল তিনটায়, চলবে রাত নয়টা পর্যন্ত।