রান ও পদ্ম পাতার জলে গাইবেন অর্ণব
চলচ্চিত্রের গানে অনেকটাই অনিয়মিত বলা যায় তাঁকে, তবে যে কটি গান চলচ্চিত্রে গেয়েছেন এর সবগুলোই প্রশংসিত হয়েছে। সম্প্রতি নতুন দুটি চলচ্চিত্রের জন্য গান তৈরি করছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী অর্ণব। গানগুলোর একটি ব্যবহূত হবে আফসানা মিমির ‘রান’ চলচ্চিত্রে আর অন্য গানটি তন্ময় তানসেনের ‘পদ্ম পাতার জল’ চলচ্চিত্রে।প্রথম আলো ডটকমকে এ প্রসঙ্গে অর্ণব বলেন, ‘এ দুটি চলচ্চিত্রে কাজ করার বিষয়ে কথা চূড়ান্ত হয়েছে। বরাবরের মতো এবারও আমার চেষ্টা থাকবে নিজস্ব ঢংয়েই গানগুলো তৈরি করার।’ গত ঈদে প্রকাশ পেয়েছে মোস্তফা সরয়ার ফারুকীর ‘টেলিভিশন’ চলচ্চিত্রের অডিও সিডি। এই চলচ্চিত্রের একটি গানে কণ্ঠ দিয়েছেন অর্ণব। এদিকে ইফতেখার আহমেদ ফাহমির নির্মাণাধীন ‘টু বি কন্টিনিউড’ চলচ্চিত্রেও একটি গান রয়েছে এই গায়ক, সুরকার ও সংগীত পরিচালকের। উল্লেখ্য গত জুনে সিডি আকারে প্রকাশিত হয়েছে রবীন্দ্রসংগীত নিয়ে অর্ণবের নতুন অ্যালবাম ‘আধেক ঘুমে’।