রানওয়ে স্পর্শ করার আগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহিদ হাসান, আব্দুন নূর তুষার, মেহ্রীন, অপি করিম ও মীম—মাটি থেকে ছোট্ট উড়োজাহাজটি আকাশে উড়তেই জমে উঠল পাঁচজনের জম্পেশ আড্ডা। তাঁরা সবাই চান মাদকমুক্ত একটি বাংলাদেশ। মাদককে ‘না’ বলতে তাই ৩ জুলাই তাঁরা গিয়েছিলেন চট্টগ্রামে। তাঁদের আড্ডাই এই লেখার উপকরণ। সকাল সাড়ে সাতটায় ইউনাইটেডের ছোট উড়োজাহাজটি ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে আকাশে উড়বে। সাতটা বেজে গেছে। তখনো জাহিদ হাসান, আব্দুন নূর তুষার, অপি করিম, আসিফ, মেহ্রীন, মীম, কেউ বিমানবন্দরে এসে পৌঁছাননি। কিছুক্ষণের মধ্যেই জানা গেল, গত রাতে কুমিল্লা থেকে ঢাকায় ফিরতে পারেননি গায়ক আসিফ। তিনি সড়কপথে চট্টগ্রামে চলে যাবেন। রইল বাকি পাঁচ। কিন্তু সেই পাঁচজনের খবর নেই। চোখেমুখে দুশ্চিন্তার মেঘ। একটু পরই সেই মেঘ কাটতে শুরু করল। আলো-ঝলমল হাসি মেখে প্রথম এলেন লাক্স সুন্দরী মীম। সঙ্গে তাঁর বাবা ও মা। তাঁর শিক্ষক বাবা মেয়েকে তুলে দিতে এসেছেন। একটু পর লেখক আনিসুল হকের সঙ্গে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের গেটে ঢুকলেন জাহিদ হাসান। এরপর অপি করিম। সবশেষে দৌড়াতে দৌড়াতে এসে ঢুকলেন মেহ্রীন। উড়োজাহাজটি আকাশে উড়তেই শুরু হয়ে যায় আড্ডা। আর সেই আড্ডার বিষয় ‘ফুটবল’ বলা বাহুল্য। আগের রাতে (২ জুলাই) নেদারল্যান্ডের কাছে ব্রাজিল হেরেছে। তাই একমাত্র জাহিদ হাসান ছাড়া সবার মন ভীষণ খারাপ। উৎফুল্ল জাহিদ বলেন, ‘আমার মন খারাপ না হলেও আমার মেয়ের মনটা খুব খারাপ। কাল রাতে সে অনেক কেঁদেছে।’ তুষার বলেন, ‘ব্রাজিল হেরে গেছে। আমি এখন জার্মানি। কারণ, ওই দলে একজন ব্রাজিলিয়ান আছেন। নাম কাকাউ।’কথা টেনে নেন আনিসুল হক। বলেন, ‘ভাই রে, জার্মানির খেলোয়াড়দের মনে হয় রোবট। লাতিন আমেরিকার মানবিক ফুটবলের পাশে ওদের খেলাটা বড় বেশি যান্ত্রিক। আমি ব্রাজিলের অন্ধসমর্থক হলেও মনে মনে আজ আমি চাই আর্জেন্টিনা জিতুক। তাহলে কাপটা অন্তত লাতিন আমেরিকার কোনো দেশের কাছে থাকবে।’ অপি বলেন, ‘কিন্তু আমি চাই আজ আর্জেন্টিনা হারুক।’ তাঁর সঙ্গে সুর মেলান মীম। দুজনেরই বাবা ঘোর আর্জেন্টিনার সমর্থক। বাড়িতে তাঁরা দুই পক্ষ। আর্জেন্টিনা জিতলে তাঁদের বাবার আনন্দে মন ডাবল খারাপ হয়ে যাবে। মেহ্রীন কিছুটা অসুস্থ। তাই আড্ডায় তিনি থাকেন নীরব দর্শকের ভূমিকায়। স্যুট পরা ম্যারাডোনাকে নাকি তুষারের কাছে অদ্ভুত লাগে। বলেন, অবশ্য কোচ হিসেবে তিনি খুব একটা খারাপ নন। নিজের মেয়ের জামাই অ্যাগুইরাকেও নামিয়েছেন। সে ভালোই খেলে। রসিকতা করেন জাহিদ, ‘আমরা ফুটবল মাঠে না পারলেও অভিনয়ের মাঠে কিন্তু পেরেছি।’ প্রসঙ্গ পাল্টাই। ‘আচ্ছা, জাহিদ ভাই, আপনি কখনো মাদকাসক্ত কোনো যুবকের চরিত্রে অভিনয় করেছেন?’‘হ্যাঁ। আমার জীবনের প্রথম টিভি নাটক জীবন যেমন। ওই নাটকে আমার চরিত্রটা ছিল একজন মাদকাসক্ত যুবক। মা-বাবার সম্পর্কের টানাপোড়েনে ছেলেটি একসময় মাদকাসক্ত হয়ে পড়ে।’প্রথম আলো মাদকবিরোধী আন্দোলনের এ রকম একটি কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছেন জাহিদ।জানতে চাই, সতীর্থ কেউ মাদক নিলে তাঁকে এড়িয়ে চলবেন, নাকি ফিরিয়ে আনার চেষ্টা করবেন। প্রসঙ্গ উঠতেই জাহিদ বেশ সিরিয়াস। বলেন, ‘আসলে যারা মাদক নেয়, দেখবেন, তাদের চালচলন কেমন যেন। কথাবার্তা অসংলগ্ন। চোখে চোখ রেখে কথা বলে না। মাথা নিচু করে রাখে। সিনিয়রদের অনেককেই মাদক নিতে দেখেছি। তাঁদের এ বিষয়ে কোনো প্রশ্ন করলে দেখেছি, তাঁরা উল্টো রাগ করে বসতেন। আর তরুণ সহকর্মী কেউ মাদকাসক্ত থাকলে তাঁকে জিজ্ঞেস করা মাত্রই অস্বীকার করতে দেখেছি। কিন্তু আমি মনে করি, কৌতূহল নিয়েও মাদক নেওয়া ঠিক নয়। তবে যারা মাদকাসক্ত, তাদের শুধু নিরাময়কেন্দ্রে পাঠিয়ে চিকিৎসা দিলেই হবে না, তাদের কোনো কিছুর মধ্যে ব্যস্ত রাখতে হবে।’তুষার নিজের জীবনের একটা অভিজ্ঞতা তুলে ধরেন। ‘এটি ১৯৮৬-৮৭ সালের কথা। জানতে পারি, আমাদের এক বন্ধু ইনজেকটেবল ড্রাগস নিচ্ছে। অথচ সে খুব ভালো ছাত্র। তাকে ওই পথ থেকে ফেরাতে বন্ধুরা এগিয়ে আসি এবং আমরা সফলও হই। এখন সে একজন কম্পিউটার প্রোগ্রামার। সফটওয়্যার ডিজাইন করে থাকে। তাকে ফেরাতে পেরেছি। আসলে ধৈর্য ধরে এ রকম কাউকে বোঝালে ঠিকই ফিরিয়ে আনা সম্ভব।’অপি বললেন তাঁর এক বান্ধবীর অভিজ্ঞতার কথা। ‘আমার বান্ধবীর পরিচিত একটি ছেলে মাদক নেয়। মেয়েটি চায়, ছেলেটি অন্ধকার জগৎ থেকে ফিরে আসুক। সে ছেলেটিকে বোঝানোর চেষ্টা করে। সঙ্গ দেয়। কিন্তু হিতে বিপরীত হয়। ছেলেটি ভাবে, মেয়েটি বুঝি তাকে পছন্দ করে। সে মেয়েটিকে প্রেমের প্রস্তাব দিয়ে বসে। ফলাফল, ছেলেটির কাছ থেকে দূরে সরে আসে মেয়েটি।’ অপি বলেন, ‘আসলে একটাই তো জীবন রে ভাই। আমি চাই, প্রত্যেক মানুষ তার এই এক জীবনে অনেক ভালো থাকুক। সদা আনন্দে থাকুক।’একটু দূরে বসে ছিলেন মীম। ফুটবল থেকে মাদকের এই সিরিয়াস গল্পে ঢুকতে বারবার তাঁকে ঘাড় ঘোরাতে হচ্ছিল। সবার কথা শোনেন আর ঘাড় ঘুরিয়ে হাসেন তিনি। তুষার বলেন, ‘কোন ধরনের ছেলে আপনার পছন্দ। মানে বিয়ে করলে কেমন ছেলে বিয়ে করবেন।’ লজ্জায় লাল হন মীম। তবুও বলেন, ‘যে মাদক নেয়, অবশ্যই তেমন কোনো ছেলেকে বিয়ে করব না।’আনিসুল হক বলেন, ‘বাহ্ মীম, মাদকবিরোধী এই কর্মসূচিতে আপনার এই একটি স্লোগানই অনেক তরুণকে মাদক থেকে মুক্ত রাখবে।’এতক্ষণ নীরব দর্শক হয়ে বসে থাকা মেহেরীন এবার মুখ খুললেন, ‘বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন আমি আমার সহপাঠীদের মাদকাসক্ত হতে দেখেছি। সেই থেকে আমার প্রতিজ্ঞা, আমি এর বিরুদ্ধে লড়ব। ভৈরব হলো এ দেশে মাদক পাচারের একটি বড় জায়গা। জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আমি পুলিশের আমন্ত্রণে ভৈরবে মাদকবিরোধী কর্মসূচিতে অংশ নিয়েছি। ইচ্ছা ছিল, প্রথম আলো মাদকবিরোধী আন্দোলনেও সম্পৃক্ত হব। এবার সেই স্বপ্নটা পূরণ হলো।’আড্ডার এই চরম মুহূর্তে ছোট উড়োজাহাজটির চাকা চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরের রানওয়ে স্পর্শ করে ফেলল।