রানওয়ে: পয়লা দর্শন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গল্পের ভেতরে ঢুকতেই যা একটু দেরি। দ্রুতগামী হাওয়াই জাহাজের মতোই আস্তে-ধীরে গা ঝাড়া দিয়ে জেগে ওঠে রানওয়ে। তারপর তার ভেতরকার সব চরিত্র আর কাহিনির মারপ্যাঁচ নিয়ে দুর্দান্ত এক উড়াল।গোড়াতেই চোখ ধাঁধিয়ে দেয় ছবির অভিনব লোকেশন। হাওয়াই, মরিশাস কিংবা পাটায়া গোছের কোনো জায়গার কথা ভেবে থাকলে ভুল করবেন। জায়গাটা ঢাকার উত্তরা। বিমানবন্দরের খুব কাছেই। ছবির শুরুতেই আমরা দেখি— আকাশ-বাতাস কাঁপিয়ে আসমানে ডানা মেলেছে উড়োজাহাজ। শব্দের প্রচণ্ডতায় থরথরে কাঁপছে রুহুলদের পলকা বেড়ার ঘর। রোজকার মতো মাঝরাতে ঘুম ভেঙে জেগে ওঠে তার বুড়ো দাদা। বিমানের প্রচণ্ড শব্দ যেন নিচের জমিনের বাসিন্দা মানুষগুলোর ঝঞ্ঝাবিক্ষুব্ধ অনিশ্চিত জীবনের ইঙ্গিতবাহী হয়ে ওঠে। তারপর আমরা রয়েসয়ে কাহিনির ভেতরে ঢুকি। ক্ষুদ্র ঋণ নিয়ে গাভী পালন করে সংসার চালান রুহুলের মা রহিমা। রুহুলের বোন কাজ করে তৈরি পোশাক কারখানায়। ভাগ্যের চাকা ঘোরানোর আশায় তার বাবা পাড়ি জমিয়েছেন মধ্যপ্রাচ্যে। সদ্য মাদ্রাসার পড়ালেখায় ইস্তফা দেওয়া তরুণ রুহুলের প্রধান কাজ এখন দিনমান টোঁ টোঁ। সুযোগ পেলে সে অবশ্য মামার দোকানে কম্পিউটার ব্যবহার শিখতে যায়। সেখানেই তার পরিচয় ঘটে আরিফের সঙ্গে। সুদর্শন, প্রযুক্তিতে দক্ষ আরিফ রুহুলকে টেনে নিয়ে যেতে থাকে জঙ্গিবাদের পথে। রুহুল তার নিজের অজান্তেই পা দিয়ে ফেলে সেই চোরাস্রোতে। আফগানিস্তান-ফেরত মুজাহিদ দলনেতার জঙ্গি শিবিরে শরিক হয় সে। সিনেমা হলে বোমা বিস্ফোরণ ঘটায় আরিফ আর তার দলবল। এদিকে দ্বীন রক্ষার্থে গৃহত্যাগী রুহুল নিজের বিবেকের সঙ্গে আরেক যুদ্ধে জড়িয়ে পড়ে। সাময়িকভাবে লক্ষ্যভ্রষ্ট রুহুল শেষ পর্যন্ত আবার ফিরে আসে জীবনের পথে ।ছবির বিষয় হিসেবে দারুণ দুঃসাহসী—বলতেই হয়। যে সমাজ বাস্তবতাকে ‘স্পর্শকাতর’ বলে এড়িয়ে গেছেন বাকি নির্মাতারা তারেক মাসুদ সেই জায়গাটায় আলো ফেলেছেন অকপটে। তবে স্রেফ সাহসিকতা নয়, তারেক মাসুদকে বাহবা দিতে হবে নির্মাতা হিসেবে তাঁর একশ ভাগ নির্মোহ এবং বস্তুনিষ্ঠ দৃষ্টিভঙ্গির জন্য। শুরু থেকে শেষ—দুটো ভাবধারার মাঝে তিনি ‘ভারসাম্য’ রক্ষা করেছেন দারুণ দক্ষতায়। মাটির ময়না ও অন্তর্যাত্রার পর তারেক মাসুদের তিন নম্বর এই পূর্ণদৈঘ্য কাহিনিচিত্রমোটা দাগে জঙ্গিবাদকে আক্রমণ করে না। বরং আলগোছে জঙ্গিবাদের উৎপত্তিস্থলে গিয়ে হানা দেয়। আর শেষতক, আশ্চর্য সূক্ষ্মতায় হত্যা আর প্রাণনাশের বিপরীতে জীবনের জয়গানকে বিজয়ী ঘোষণা করে।আরিফ নামের তরুণটির চরিত্রে আলী আহসানের অভিনয় মনে থাকবে অনেক দিন। শেষের দিকে রুহুলের নিজের তথাকথিত ‘বিবেক’-এর সঙ্গে কথা বলার অংশটা নিয়ে আপসোস থাকল। এই ‘চোখে আঙুল’ দিয়ে দেখানোটা বড় বেশি চোখে লাগে। জঙ্গিবাদ, পোশাকশ্রমিক, বিদেশে ভাগ্যহত বাংলাদেশি, উপরন্তু ক্ষুদ্রঋণ। একসঙ্গে এতগুলো আলোচিত ইস্যুর উপস্থিতি রানওয়েকে বিষয় ভারাক্রান্ত করে কি না সেই সন্দেহও অবশ্য একটুখানি থাকল।