রানওয়ের ১২ দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিলনায়তনের গেট থেকে পাবলিক লাইব্রেরির মূল ফটক পর্যন্ত সারিবদ্ধ মানুষ। দাঁড়িয়ে হলেও তাঁরা রানওয়ে দেখতে চায়। ১০-২১ ফেব্রুয়ারি হয়ে যাওয়া রানওয়ে চলচ্চিত্রের প্রদর্শনীতে এমনটাই ছিল বাস্তবতা। সারা দেশ ঘুরে দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ঢাকায় মুক্তি পেল রানওয়ে। প্রতিটি শোর শুরুতে মঞ্চে উঠে দর্শকের সঙ্গে কথা বলেছেন ক্যাথরিন মাসুদ। তিনি বলেন, ‘আগে প্রতিটি শোর শুরুতে মঞ্চে উঠত তারেক। দর্শকদের কথা শুনতে ভালবাসত। আমি ঠিক সেই কাজগুলো করার চেষ্টা করছি। এই সময়টা আমাদের পুরো টিমের জন্য যেমন আনন্দের, তেমনি বেদনারও। ঢাকায় রানওয়ে মুক্তি দিতে পেরেছি এটা অনেক আনন্দের। আর বেদনার কথা হলো আজ সেই আনন্দের দিনে তারেক নেই। তারেক সব সময় বলত, দর্শকই আমার প্রাণ। এই প্রদর্শনীতে এত দর্শক দেখে আমার মন ভরে গেছে।’ পাবলিক লাইব্রেরির গেট থেকে তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজনের ছবি এবং প্রদর্শনীর চলচ্চিত্রগুলোর পোস্টার দিয়ে অন্যরকম একটা আবহ সৃষ্টি করা হয়েছিল। রানওয়ের সঙ্গে প্রতিদিন দুই মিনিটের দৃশ্যচিত্র একুশ এবং ১৫ মিনিটের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নরসুন্দর-এর প্রদর্শনীও ছিল। আর শো শেষে ছিল দর্শকদের মন্তব্য-বই এবং ক্যামেরার সামনে প্রতিক্রিয়া জানানোর সুযোগ। ছবি দেখার পাশাপাশি টিকিট কাউন্টারে বিক্রি হয়েছে বিভিন্ন স্যুভেনির। তারেক মাসুদ ও মিশুক মুনীরকে নিয়ে করা বিশেষ টি-শার্ট, মাটির ময়না, অন্তর্যাত্রা ছবির ডিভিডি এবং তারেক মাসুদের প্রতিটি সিনেমার পোস্টারও বিক্রি হয়েছে চলচ্চিত্র-প্রেমিকদের জন্য। এ ছাড়া ভিউকার্ড ও অন্যান্য স্মারকও ছিল। ছবি দেখার আগের অপেক্ষার সময়টাতে দর্শকদের জন্য ছিল বাউল গানের আসর। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মিতু জানালেন, ‘আমি সব সময় সিনেমার ভুল ধরার জন্য সিনেমা দেখতে বসি। তারেক মাসুদের ছবি এই প্রথম দেখলাম। সত্যি বলতে কি আমি কি বলব বুঝতে পারছি না। ভুল ধরা তো দূরের কথা। আমি এখনো একটা ঘোরের মধ্যে আছি। মনে হচ্ছে মানুষটা বেঁচে থাকলে আরও অনেক কিছু দিতে পারতেন।’ আরেক দর্শক নাজিম জানালেন, গত ১২ দিনে মোট পাঁচবার রানওয়ে দেখেছেন তিনি। কেন? কী আছে এই ছবিতে? ‘নাচ-গান নেই এটা সত্যি। কিন্তু তার বদলে আছে আমাদের চারপাশের কিছু মানুষের গল্প। এই ছবির সবচেয়ে বড় দিক পুরো সময়ে একবারও মনে হয়নি সিনেমা দেখছি। মনে হচ্ছে এটাই বাস্তবতা।’দর্শকদের অনেকেই টিকিট পাননি, দেখতে পারেননি। তাঁরা চাইছিলেন, উৎসবের সময় আরেকটু বাড়বে কি না, তা জানতে। ক্যাথরিন বললেন, ‘এখন সেটা সম্ভব নয়। তবে ঢাকা শহরে এখন থেকে নিয়মিত বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং অডিটরিয়ামে ছবিটির প্রদর্শনী চলবে। পাশাপাশি আমরা এখন প্রেক্ষাগৃহেও রানওয়ে মুক্তি দেব।’