রানা প্লাজা নিয়ে প্রামাণ্যচিত্র 'প্রাইস ট্যাগই সব নয়'

রানা প্লাজা ট্রাজেডি নিয়ে ‘ইটস নট অল অ্যাবাউট দ্য প্রাইস ট্যাগ’ বা ‘প্রাইস ট্যাগই সব নয়’ শিরোনামে একটি প্রামাণ্যচিত্র তৈরি করেছেন নির্মাতা মুহম্মদ মোফাজ্জল। প্রামাণ্যচিত্রটি আজ ২৪ এপ্রিল বিকাল ৫টা ১৫ মিনিটে এটিএন নিউজে প্রচারিত হবে।
প্রামাণ্যচিত্রটি তৈরি প্রসঙ্গে মুহম্মদ মোফাজ্জল প্রথম আলোকে জানিয়েছেন, বাংলাদেশের পোশাক কর্মীদের কষ্টের কথা তুলে আনা হয়েছে এই প্রামাণ্যচিত্রে। তুলে ধরা হয়েছে বাংলাদেশের পোশাকশিল্পের ইতিবাচক দিক আর দেশের অর্থনীতিতে পোশাক কর্মীদের অবদান। পোশাক শিল্পের সঙ্গে জড়িত অন্যান্য ক্ষেত্রগুলোর কথাও এই প্রামাণ্যচিত্রে উঠে এসেছে। শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিতকরণের পাশাপাশি স্থিতিশীল পোশাকশিল্পের স্বার্থে কারখানার মালিক, পোশাক ক্রেতা, বিজিএমইএ, আইন প্রয়োগকারী সংস্থা এবং সরকারের কী ধরনের ভূমিকা থাকা উচিত সে প্রসঙ্গও প্রামাণ্যচিত্রটিতে রয়েছে।
মোফাজ্জল আরও জানিয়েছেন, প্রামাণ্যচিত্রে আন্তর্জাতিক ক্রেতা ছাড়াও বিশিষ্ট ব্যক্তিদের মতামত রয়েছে। বাংলাদেশের পোশাকশিল্পের বিপর্যয় রোধ এবং সমৃদ্ধি অব্যাহত রাখতে মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা, সাবেক পররাষ্ট্র মন্ত্রী দীপু মনি এবং ড. মুহম্মদ ইউনুসের বক্তব্যও (সংগৃহীত ফুটেজ থেকে) প্রামাণ্যচিত্রে সংযোজিত হয়েছে।
প্রামাণ্যচিত্রের নাম প্রসঙ্গে মোফাজ্জল জানিয়েছেন, প্রামাণ্যচিত্রে প্রাইস ট্যাগই সব নয় বলতে তিনি বুঝাতে চেয়েছেন পোশাকের দামের পাশাপাশি স্বজন হারানোর কান্না, শ্রমিকের নিরাপত্তা, বিপুল মানুষের কর্মসংস্থান, দেশের ভাবমূর্তি এবং অর্থনীতির বিষয়টিও গুরুত্ব পাওয়া উচিত।