রানি এলিজাবেথের জন্য কোলের গান
রানি এলিজাবেথের সিংহাসন আরোহণের ৬০ বছর উপলক্ষে যুক্তরাজ্যে অনুষ্ঠিতব্য `ডায়মন্ড জুবিলি কনসার্ট'-এ রানি এলিজাবেথের জন্য গাইবেন শেরিল কোল।যদিও আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের এই সাড়া জাগানো আয়োজনটিতে `দ্য কল মাই নেম'খ্যাত গায়িকা কোলের নাম ছিল না; কিন্তু এক খবরে মিরর পত্রিকা জানিয়েছে, রানি এলিজাবেথের সম্মানে গাইবেন বলে সম্মতি দিয়েছেন কোল।এ অনুষ্ঠানের কল্যাণে প্রায় এক বছর পর কোনো অনুষ্ঠানে দর্শক-শ্রোতার সামনে গাইতে আসছেন ২৮ বছর বয়সী নন্দিত এই গায়িকা। যদিও গত বছরের নভেম্বরে `চিলড্রেন ইন নিড'-এর জন্য তঁার গান গাওয়ার কথা ছিল, কিন্তু অসুস্থ হয়ে পড়ায় সে যাত্রা আর গাইতে পারেননি তিনি।এদিকে বাকিংহাম প্রাসাদে আয়োজিত এ অনুষ্ঠানে আয়োজক গ্যারি বারলোর সঙ্গে একটি দ্বৈত গানে অংশ নেওয়ার কথা রয়েছে কোলের, জানিয়েছে আয়োজক পক্ষের একটি সূত্র। ইতিমধ্যে যদিও অসংখ্য নাম ভিড় জমিয়েছে অনুষ্ঠানের তালিকায়, কিন্তু সে তালিকায় সবচেয়ে ওপরে রয়েছে কোলের নাম। যুক্তরাজ্যে এই গায়িকার জনপ্রিয়তা এখন তুঙ্গে। তরুণ শ্রোতা-দর্শকের কাছে সবচেয়ে আগ্রহ সৃষ্টি করবেন শেরিল; এমনটিই ধারণা করছেন আয়োজকেরা।ব্রিটেনের রানির ৬০ বছর উপলক্ষে আয়োজিত এ কনসার্টে শেরিল গাইবেন কাইলি মিনোগ, টম জোনসসহ আরও অনেক বিখ্যাত কণ্ঠশিল্পীদের সঙ্গে।শেরিলের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করে একটি সূত্র জানিয়েছে, সাধারণত খুব বেশি অনুষ্ঠানে শেরিল অংশ নিতে চান না। কিন্তু গ্যারি বারলোর অনুরোধ, সর্বোপরি রানির সম্মান রক্ষায় শেরিল কোল রাজি হয়েছেন। সবাই আশা করছেন অনুষ্ঠানের অসাধারণ একটি বিষয়ই হবে শেরিল কোলের এ অংশগ্রহণ।