রানী-প্রীতির খোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবা রাম মুখার্জি রুপালি পর্দার মানুষ। ফিল্মালয় স্টুডিওর প্রতিষ্ঠাতা। পরিচালনা, প্রযোজনা—এসব নিয়েই ব্যস্ত সময় কাটে তাঁর। মা কৃষ্ণা টুকটাক প্লেব্যাক করেন। মাসি দেবশ্রী রায় বাংলা ছবির সুপারস্টার। জন্ম হওয়ার পর থেকে রানীর চারপাশের চিত্রটা ছিল অনেকটা এ রকম। এমন পরিবেশকে সঙ্গী পেয়ে কিশোরী রানীর স্বপ্নে যদি নায়িকা হওয়ার ভূত চাপে, তাকে কি খুব একটা দোষ দেওয়া যায়? ১২ বছর বয়সে বাবার ছবিতেই অতিথি চরিত্রে অভিনয় করেন। বাংলা সেই ছবিটির নাম ছিল বিয়ের ফুল। এর ঠিক চার বছর পর পড়াশোনা কিছুটা গুছিয়ে রানী প্রথমবারের মতো নায়িকার বেশে ক্যামেরার সামনে দাঁড়ান। রাজা কি আয়েগি বারাত নামের সেই ছবির বক্স অফিস ভরাডুবি রানীকে বাধ্য করে তল্পিতল্পা গুটিয়ে কলেজে ফিরে যেতে।প্রীতি জিনতা সে তুলনায় অভিনেত্রী হওয়ার স্বপ্ন কস্মিনকালেও দেখেননি। এতটুকুই আশা ছিল, ক্রিমিনাল সাইকোলজির পড়াশোনা শেষ করে পিএইচডি ডিগ্রি অর্জন করবেন। ১৯৯৬ সালে শখ করে মডেলিং শুরু করেন তিনি। লিরিল পার্কের সেই বিজ্ঞাপনচিত্রগুলো মনে ধরে যায় শেখর কাপুরের। তারা রাম পাম পাম নামে একটি ছবির পরিকল্পনা করে ফেলেন প্রীতিকে নিয়ে। কিন্তু প্রীতির স্বপ্নের ক্যানভাসে তখনো অভিনেত্রী হওয়ার খায়েশ বাসা বাঁধেনি। শিমলায় জন্ম নেওয়া প্রীতির বাবা দুর্গানান্দ জিনতা ভারতীয় আর্মির অফিসার ছিলেন। ১৩ বছর বয়সে গাড়ি দুর্ঘটনায় বাবা মারা যান। সেই থেকে মা শয্যাশায়ী। ভাইও বর্তমানে আর্মিতে আছেন। এমন নন-ফিল্মি ব্যাকগ্রাউন্ডের মেয়ে হয়েও বন্ধুদের বিশেষ অনুরোধে কেয়া কেহনা ছবিটি সই করে ফেলেন প্রীতি। যদিও তৃতীয় সই করা ছবি সোলজার-এর শুটিং শুরু হয় আগে। প্রথম মুক্তি পায় মণি রত্নমের দিল সে।১৯৯৮ সালে যাত্রা শুরু করা প্রীতির প্রথম ছবি দিল সে সমালোচকদের প্রশংসা কুড়ালেও ছবিটি ছিল বছরের সবচেয়ে বড় ফ্লপ। অনেকটা রানীর প্রথম ছবির মতো। তবে প্রীতির প্রথম ছবির নায়ক শাহরুখ খানের সঙ্গে করা কুছ কুছ হোতা হ্যায় রানীর ক্যারিয়ারের নকশাই বদলে দেয়। অবশ্য একই বছর আমির খানের সঙ্গে করা গুলাম রানীর প্রথম হিট ছবি। পূজা ভাট ছেড়ে দেওয়ায় রানী মাত্র এক লাখ রুপি পারিশ্রমিক নিয়ে কাজ করেন গুলাম ছবিতে। এমনকি কুছ কুছ হোতা হ্যায়-ও টুইঙ্কল, রাভিনা, টাবু ও ঐশ্বরিয়ার ছেড়ে দেওয়া ছবি। অন্যের ছেড়ে দেওয়া কাজ দিয়েই ইতিহাস গড়েন রানী। স্বল্প সময়ের মধ্যে রানীর ফ্যাসফেসে কণ্ঠস্বর এবং প্রীতির গালের ‘টোল’ বিখ্যাত হওয়ার খাতায় নাম লেখায়।মাঝখানে কেটে গেছে এক যুগ। প্রীতি (৩৫) ও রানী (৩২) এখনো ভীষণ ব্যস্ত। তবে অভিনয় ক্যামেরার সামনে নয়, বিভিন্ন পার্টি নিয়ে। সামান্য কিছু হিসাব-নিকাশে গরমিল বদলে দিয়েছে দুই নায়িকার ক্যারিয়ারের নকশা। রানীর হাতে এখন মাত্র একটি ছবি—স্বল্প বাজেটের নায়কবিহীন নো ওয়ান কিলড জেসিকা। প্রীতির হাতেও একটি ছবি—চার বছর আগে নির্মিত হার পাল। অথচ এই রানীই ২০০৪ সালে একই সঙ্গে হাম তুম-এর জন্য সেরা অভিনেত্রী এবং বীর-জারার জন্য পার্শ্বঅভিনেত্রীর পুরস্কার জয় করে রেকর্ড গড়েন। ২০০৫ সালেও অভিনেত্রীদের মধ্যে ব্ল্যাক ছবির জন্য সমালোচক এবং জনপ্রিয় দুই শাখায়ই পুরস্কার পেয়ে রেকর্ড গড়েন। অভিনেত্রীদের মধ্যে সর্বাধিক ছয়বার ফিল্ম ফেয়ার পুরস্কার পাওয়ার রেকর্ডটি এখনো তাঁর দখলে। প্রীতি জিনতাও কম কিসে! প্রীতির শোকেসে এখনো ৬০টির মতো পুরস্কার। ২০০৫ সালে আইফা অ্যাওয়ার্ডসে প্রীতিকে পুরস্কৃত করা হয় ‘স্টাইল আইকন’ হিসেবে।কিন্তু কোথায় এখন রানী? কোথায় প্রীতি? দুই সন্তানের মা মাধুরী দীক্ষিত, কাজল, এমনকি বিবাহিত ঐশ্বরিয়া রাই বচ্চনকে নিয়েও নির্মাতারা বাজি ধরতে রাজি। কিন্তু রানী-প্রীতি কেন চলচ্চিত্র সীমানার বাইরে? দুজনের সর্বশেষ হিট চার বছর আগে কাভি আলবিদা না কেহনা। এর পরই বিয়ে করেন অভিষেক বচ্চন। রানীর হূদয় ক্ষত-বিক্ষত করে ঐশ্বরিয়া হন মিসেস বচ্চন। অনেকে বলেন, রানীর অন্তরালে চলে যাওয়ার ভিত্তিপ্রস্তর সেদিনই স্থাপিত হয়। এরপর আদিত্য চোপড়ার সঙ্গে প্রেম, যশ চোপড়া-পামেলা চোপড়ার বাধা, আদিত্যের আগের স্ত্রী পায়েলের মামলা—সবকিছু নিয়ে বিধ্বস্ত হয়ে পড়েন রানী। আদিত্য চোপড়ার ক্যাম্পে একের পর এক কাজ করার পর নির্মাতারাও ভেবে বসেন, রানী বুঝি অন্য নির্মাতাদের সঙ্গে কাজের ব্যাপারে উৎসাহী নন। আসছে ডিসেম্বরে নাকি বিয়েরও চিন্তা করছেন রানী।প্রীতির অবস্থা আরও শোচনীয়। অভিনয় ছেড়ে ক্রিকেট নিয়ে ব্যস্ত হয়ে পড়েন তিনি। অভিনয়কে দূরে ঠেলে বাজি ধরেন কিংস একাদশ পাঞ্জাব ক্রিকেট দলকে নিয়ে। তৎকালীন প্রেমিক নেস ওয়াদিয়াকে নিয়ে সেই দল প্রতিষ্ঠার ব্যাপারে চেষ্টার কোনো ত্রুটি করেননি প্রীতি। তবে ভাগ্যের লিখন, না যায় খণ্ডন। সময়ের বিবর্তনে প্রীতি তাঁর প্রেমিকও খুইয়েছেন, এমনকি তাঁর দলকেও আইপিএল থেকে সম্প্রতি বহিষ্কার করা হয়েছে। হতাশায় ডুব দিয়ে প্রীতি হার্ভার্ডে ব্যবসা নিয়ে বেশ কিছু কোর্স করেছেন। এ মাসে যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিয়নের সবচেয়ে সম্মানজনক বিতর্ক প্রতিযোগিতায় তিনি অংশ নিতে যাচ্ছেন। রানীর ব্যস্ততা অন্তহীন এবং অনুরণনের পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরীর নতুন ছবি আফ্রিকার মিটিং নিয়ে। সব চূড়ান্ত হলে প্রথমবারের মতো বাংলা ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করবেন রানী। কিন্তু যেখানে রানী-প্রীতির জনপ্রিয়তার জন্ম, সেই বলিউডে কি তাঁরা আর কখনো ফিরে আসবেন না? নির্মাতাদের কাছে দুজনের ভক্তদের এখন এই একটাই প্রশ্ন।  আর আর খানতথ্যসূত্র: ওয়েবসাইট