রানী সরকারের পাশে ‘বিপাশার অতিথি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিনয়শিল্পী রানী সরকারের প্রতি সম্মান জানাল বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল বাংলাভিশন। বাংলাভিশনের নিয়মিত অনুষ্ঠান ‘বিপাশার অতিথি’ এবং এ অনুষ্ঠানের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ‘প্রিয় প্রাঙ্গণ’-এর পক্ষ থেকে রানী সরকারকে সম্মাননা প্রদান করা হয়েছে। সম্মাননা হিসেবে ৫০ হাজার টাকার একটি চেক রানী সরকারের হাতে তুলে দেন অনুষ্ঠানের উপস্থাপক বিপাশা হায়াত। এ সময় বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান শামীম শাহেদ এবং অনুষ্ঠান ব্যবস্থাপক তারেক আখন্দ উপস্থিত ছিলেন।তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় রানী সরকার জানান, ‘আমার এই রকম একটা অবস্থা হবে সেটা যদি আগে জানতাম তাহলে আমি চলচ্চিত্রে আসতাম না। আমি যে কীভাবে মেয়েটার প্রতি আমার কৃতজ্ঞতা জানাব তা বুঝতে পারছি না।’ এদিকে অনুষ্ঠানটির উপস্থাপিকা বিপাশা হায়াত জানিয়েছেন, ‘বিপাশার অতিথি অনুষ্ঠানের সঙ্গে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের যুক্ত হওয়ার পর ভালো কিছু করার চিন্তা করেছিলাম। বিপাশার অতিথি অনুষ্ঠানের প্রতিটি পর্ব থেকে কিছু সঞ্চয় করে সেই সঞ্চয় কয়েক পর্ব পরপর একজন সম্মানিত শিল্পীর হাতে তুলে দেব—এ ভাবনা থেকেই উদ্যোগটি নেওয়া।’ বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান শামীম শাহেদ বলেন, ‘দায়িত্ববোধ থেকে বাংলাভিশন বিভিন্ন সময় বিভিন্ন উদ্যোগ নিয়ে থাকে। এটা সে রকমই একটা উদ্যোগ। আশা করছি এ প্রক্রিয়া অব্যাহত থাকবে।’উল্লেখ্য, রানী সরকার এখন অসুস্থ অবস্থায় চিকিত্সাধীন আছেন। ১৯৬২ সালে ‘চান্দা’ ছবিতে অভিনয়ের মাধ্যমে রানী সরকারের অভিনয়ের জীবনের শুরু। এখন পর্যন্ত তিনি ২৫০টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ‘তিতাস একটি নদীর নাম’, ‘তালাশ’, ‘বন্ধন’, ‘চন্দ্রনাথ’, ‘দেবদাস’ ও ‘থার্ড পারসন সিংগুলার নাম্বার’।