রানীকে নিয়ে কঠোর গোপনীয়তা!

প্রেম, বিয়ে নিয়ে নজিরবিহীন লুকোচুরি খেলার পর এবার রানী মুখার্জি অভিনীত পরবর্তী ছবি নিয়েও লুকোচুরি শুরু হয়েছে। এ ছবি-সম্পর্কিত কোনো তথ্য যাতে ফাঁস হতে না পারে, সে জন্য সম্প্রতি ছবির দলের গুরুত্বপূর্ণ কয়েকজন সদস্যকে নন-ডিসক্লোজার এগ্রিমেন্ট সই করতে হয়েছে। এর মধ্য দিয়ে কেউ চুক্তি ভঙ্গ করে ছবি-সম্পর্কিত কোনো তথ্য ফাঁস করলে আইনগত ব্যবস্থা নেওয়া যাবে তাঁর বিরুদ্ধে।
এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, রানীর পরবর্তী ছবির কাহিনি কিংবা চিত্রনাট্য নিয়ে কঠোর গোপনীয়তা অবলম্বনের সিদ্ধান্ত নিয়েছেন এর নির্মাতারা। তাঁদের কাছে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রোজেক্ট। এরই মধ্যে ছবিটির প্রাথমিক পর্যায়ের কাজ শুরু হয়ে গেছে। মুক্তি পাওয়ার আগ পর্যন্ত ছবিটি সম্পর্কে যাতে কোনো তথ্য ফাঁস না হয় তা নিশ্চিত করতে চান নির্মাতারা। এ জন্য এখন পর্যন্ত খুব কমসংখ্যক মানুষকে ছবির দলের সঙ্গে অন্তর্ভুক্ত করা হয়েছে।
সূত্রটি আরও জানিয়েছে, চিত্রনাট্যকার, পরিচালক, সহকারী পরিচালক থেকে শুরু করে ছবির দলের গুরুত্বপূর্ণ একাধিক সদস্যকে নন-ডিসক্লোজার এগ্রিমেন্ট (এনডিএ) সই করানো হয়েছে। চুক্তি ভঙ্গ করে ছবি-সম্পর্কিত তথ্য ফাঁস করলে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ছবিটির প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মসের একজন মুখপাত্র বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য, ‘এনডিএ স্বাক্ষর করার পরও কেউ যদি ছবি-সম্পর্কিত কোনো তথ্য ফাঁস করেন তাহলে কঠোর সাজা ভোগ করতে হবে তাঁকে।’