রানীর অনামিকায় বাগদানের আঙটি!
সম্প্রতি মুম্বাইয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে বাঁ হাতের অনামিকায় আঙটি পরা অবস্থায় দেখা গেছে বাঙালি বংশোদ্ভূত বলিউডি অভিনেত্রী রানী মুখার্জিকে। এ বিষয়ে তিনি মুখ না খুললেও সবার ধারণা, বাগদানের আঙটি পরেই ওই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন রানী। দিন কয়েক আগে খবর চাউর হয়েছিল, অবশেষে রানী মুখার্জিকে বিয়ের প্রস্তাব দিয়েছেন তাঁর দীর্ঘদিনের প্রেমিক ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’খ্যাত বলিউডি চিত্রনির্মাতা আদিত্য চোপড়া। সম্প্রতি রানীর অনামিকায় আঙটি দেখে খবরটি সত্য বলেই ভাবছেন সবাই। এক খবরে এমনটিই জানিয়েছে ‘হিন্দুস্তান টাইমস’।অনুষ্ঠানে হাজির হওয়ার পর থেকেই অনামিকার আঙটিটি যাতে কারও নজরে না পড়ে, সে চেষ্টায় ব্যস্ত থাকতে দেখা যায় রানীকে। আঙটিসহ ক্যামেরাবন্দী হওয়ার ভয়ে তিনি বেশির ভাগ সময়ই বাঁ হাত পকেটে ঢুকিয়ে রেখেছিলেন। কিন্তু শেষরক্ষা হয়নি, ঠিকই ধরা পড়ে যান তিনি। প্রসঙ্গত, বেশ কয়েক বছর ধরেই রানী-আদিত্যর প্রেম ও বিয়ের গুঞ্জন চলছে। কিন্তু শুরু থেকেই এ জুটি নিজেদের সম্পর্ক নিয়ে লুকোচুরি খেলছেন। প্রকাশ্যে সম্পর্কের কথা স্বীকার না করলেও চোপড়া পরিবারের সদস্যদের সঙ্গে রানীর সখ্য বেশ গভীর। গত বছর ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হয়েছিলেন আদিত্যর বাবা যশ চোপড়া। তখন সার্বক্ষণিকভাবে তাঁর পাশে ছিলেন রানী। এ ছাড়া, যশ চোপড়ার শেষকৃত্য অনুষ্ঠানেও সব সময় চোপড়া পরিবারের সঙ্গেই দেখা গেছে রানীকে। এদিকে, গত ফেব্রুয়ারি মাসে প্রয়াত যশ চোপড়ার মূর্তি উন্মোচন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে রানী মুখার্জিকে রানী চোপড়া নামে সম্বোধন করে হইচই ফেলে দিয়েছিলেন ‘শটগান’খ্যাত বর্ষীয়ান বলিউডি অভিনেতা শত্রুঘ্ন সিনহা।