রানীর আরজি
রানীর হাতে এখন একটাই ট্রাম্পকার্ড। আমির খানের বিপরীতে জখমি। দ্বিতীয় ইনিংসে আবারও বলিউডের রানী হওয়ার প্রত্যাশায় হিসাব করে নতুন কৌশলে এগোচ্ছেন তিনি।‘পাশের বাড়ির মেয়ে’র ইমেজ পাওয়ার জন্য রানী মুখার্জি নাকি বরাবরই মুখিয়ে থাকেন। নিন্দুকেরাও এ জন্য সুযোগ পান কানাঘুষা করার—রানী নাকি মাত্রা ছাড়িয়ে ভালোমানুষী দেখিয়ে বেড়ান। কী জ্বালা! ঝলক দিখলা জা রিয়েলিটি শোতে বিচারক মাধুরী দীক্ষিতকে সম্মান দেখানোর জন্য ফ্লোরে একদম শুয়ে পড়ে প্রণাম জানিয়েছিলেন রানী। তাতেই গোস্সা করেছেন অনেকে, ‘এতটা বাড়াবাড়ি না করলেও পারতেন রানী। কই, পাশে বিদ্যা বালানও তো ছিলেন। তিনি তো এতটা মহান হওয়ার চেষ্টা করেননি!’ মোদ্দা কথা হলো, নাচতে না জানলে উঠান বাঁকা! রানী মুখার্জি গত পাঁচ বছর ছিলেন একরকম লোকচক্ষুর অন্তরালে। যে দু-চারটি ছবি মুক্তি পেয়েছিল, সবই ফ্লপের ঝুড়ির শোভা বাড়িয়েছে। সুতরাং রানীর এহেন কর্মকাণ্ডে হাততালি না পড়াটাই স্বাভাবিক। তবে দিন বদলেছে। ২০১১ সালের প্রথম হিট নো ওয়ান কিল্ড জেসিকার মালিক হয়েছেন রানী মুখার্জি। সঙ্গে অবশ্য বিদ্যা বালানও ছিলেন। অনেকের মতে, বিদ্যাই রানীর জন্য ‘লাকি চার্ম’ হিসেবে কাজ করেছেন। প্রমাণ? ২০১০ সালের প্রথম হিট ইশকিয়ার নায়িকাও ছিলেন বিদ্যা। যুক্তিতর্ক মেনে নিয়ে রানী নিজেই উত্তর দিয়েছেন, ‘বিদ্যা ছবির নায়িকা। আর আমি? যাঁরাই ছবিটি দেখেছেন, আমাকে এসে জানিয়েছেন, আমি নাকি নায়কদের মতো এ ছবিটি নিজের কাঁধে তুলে নিয়েছি। এতটাই শক্তি ছিল আমার মিরা চরিত্রটিতে।’তাহলে কি সাবরিনা লাল (বিদ্যা) নন, মিরা গাইতিই (রানী) ছবিটির প্রাণ? ‘আমি তো তা-ই মনে করতে চাই। নইলে সাবরিনা লাল চরিত্রটি ফিরিয়ে দিয়ে মিরা করতে চাইতাম না।’ এটা ঠিক, সমালোচকেরা কেউই দাবি করে বলতে পারেননি, রানী-বিদ্যার মধ্যে কে সবচেয়ে বেশি ভালো কাজ করেছেন ছবিতে। কারণ, দুজনই পাল্লা দিয়ে অভিনয় করেছেন। তবে এটাও ঠিক, সময়ের সঙ্গে রানী বদলে গেছেন। গত পাঁচ বছর প্রচারমাধ্যমকে পাশ কাটিয়ে গেছেন। আর গত চারটি মাস এমন কোনো অনুষ্ঠান নেই, যেখানে রানীকে দেখা যায়নি। কেন এতটা দূরে চলে গিয়েছিলেন? কেনই বা ইদানীং এত বেশি বেশি পর্দায় হাজির হচ্ছেন? ‘কারণটা সহজ। আমি বরাবরই অলস। কিন্তু গত তিন-চার বছর খেয়াল করলাম, এখন প্রচারের সময়। বড় বড় রাঘববোয়ালও এখন নিজেদের ছবি বিক্রির জন্য জান দিয়ে খাটেন। সুতরাং, আমি পিছিয়ে থাকব কেন? আর ফেসবুক/টুইটার দুনিয়ায় যেহেতু ঢুকতে চাই না, তাই পত্রপত্রিকা, রেডিও-টেলিভিশনে উপস্থিতি বাড়িয়েছি। তবে সবার কাছে আরজি—ভুলেও কেউ ভাববেন না, অভিনয় থেকে ছুটি নিয়েছিলাম।’ এতটাই কি সহজ? নির্দিষ্ট একজন আদিত্য চোপড়ার সঙ্গে প্রেমের গুজব, বিয়ের গুজব—এসব কি কিছুই নয়? ‘তাও ভালো, মাত্র একজনের সঙ্গে প্রেম-বিয়ের গুজব হচ্ছে। (হা হা হা!) আমি বরাবরই ব্যক্তিগত বিষয় নিয়ে প্রচারমাধ্যমে কথা বলতে পছন্দ করি না। তা ছাড়া যার সঙ্গে আমার সম্পর্ক আছে, তার পছন্দ নয় আমি এসব নিয়ে কথা বলি। তার ইচ্ছাকেও তো দাম দিতে হবে, নাকি?’ অবশেষে তাহলে রানী স্বীকার করলেন, তিনি আর একা নন। সুতরাং বিয়ের বাদ্য কবে বাজবে? বাচ্চাকাচ্চা? মেঘে মেঘে বেলা তো ৩২-এ গিয়ে ঠেকেছে। ‘এই সেরেছে! সাংবাদিকদের ধৈর্য এত কম! প্রেমের খবর শুনতেই বিয়ে-বাচ্চা! রক্ষা করো, খোদা!’ রানী আদিত্য চোপড়াকে নিয়ে মুখে কুলুপ আঁটলেও অভিষেক বচ্চনকে নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন, ‘আমি জানি না, আমার সঙ্গে অভির কী সমস্যা। এটা ও-ই ভালো বলতে পারবে। আমি এতটুকু জানি, অভিকে আমি বন্ধু মনে করতাম। তবে ওর বিয়েতে নিমন্ত্রণ না পেয়ে বুঝলাম, বন্ধুত্বটা একতরফা ছিল। অভি আমাকে শুধুই একজন সহকর্মী মনে করত। থাক না ওসব! বেচারার বিয়ে হয়েছে চার বছর হতে যাচ্ছে। এবার তো ওকে রেহাই দিন। এটা সত্যি, ওর সঙ্গে আমার অসাধারণ কিছু স্মৃতি রয়েছে।’ আর ঐশ্বরিয়া? ওর সঙ্গে কী সমস্যা? ‘অ্যাশকেই জিজ্ঞেস করুন না! সামনাসামনি দেখা হলে কিন্তু আমরা দুজনই ভদ্র, সভ্য। আমি মনে করি, আমাদের প্রজন্মের মধ্যে ঐশ্বরিয়া দুর্দান্ত একজন অভিনেত্রী। ঐশ্বরিয়া ও প্রীতি আমার প্রিয় অভিনেত্রী। তারপরে আসে কারিনা, প্রিয়াঙ্কা; এমনকি আনুশকাও তুখোড় মেধাবী। ক্যাটরিনা, দীপিকা, সোনমও বেশ সুন্দর।’ আর কাজিন কাজল? ‘কাজলকে নিয়ে নতুন করে আর কী বলব? করণ জোহরের শোতেই বলেছি, আমি কাজলকে যতটা ভালোবাসি, ও কেন আমাকে ততটা ভালোবাসে না?’রানীর হাতে এখন একটাই ট্রাম্পকার্ড। আমির খানের বিপরীতে জখমি। দ্বিতীয় ইনিংসে আবারও বলিউডের রানী হওয়ার প্রত্যাশায় হিসাব করে নতুন কৌশলে এগোচ্ছেন তিনি। প্রচারমুখী হয়েছেন। ছবি নির্বাচনেও দক্ষতা দেখাচ্ছেন। অন্তত ভক্তরা তো খুশি হচ্ছেন। আর এতেই রানী খুশি। রুম্মান রশীদ খান সূত্র: ওয়েবসাইট