রানীর বিয়ে নিয়ে কাজলও কৌতূহলী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাজলের সঙ্গে রানী মুখার্জি
কাজলের সঙ্গে রানী মুখার্জি

বলিউডের অভিনেত্রী রানী মুখার্জি কবে বিয়ে করে থিতু হবেন তা জানার জন্য কৌতূহলের কমতি নেই তাঁর অগণিত ভক্তদের মাঝে। সম্প্রতি রানীর চাচাতো বোন ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ তারকা কাজলও জানালেন, রানীর বিয়ের খবর জানার জন্য আর সবার মতো তাঁর ভেতরও ব্যাপক কৌতূহল কাজ করে।
বছরের পর বছর ধরে নিজেদের প্রেম নিয়ে লুকোচুরি খেলছেন বলিউডের আলোচিত তারকা-নির্মাতা জুটি রানী মুখার্জি ও আদিত্য চোপড়া। এখন পর্যন্ত একাধিকবার তাঁদের বিয়ের খবর রটেছে। সর্বশেষ চলতি বছরের ১০ ফেব্রুয়ারি তাঁরা বিয়ে করবেন বলে খবর চাউর হয়েছিল। কিন্তু বরাবরের মতো এবারও সেই খবরের সত্যতা মেলেনি।
সম্প্রতি ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন কাজল। র্যাপিড ফায়ার রাউন্ডে কাজলকে অনুষ্ঠানটির সঞ্চালক করণ জোহর জিজ্ঞেস করেন, রানীর কাছে কোনো প্রশ্নের জবাব তিনি (কাজল) জানতে চান। তখন কাজল বলেন, ‘আমি রানীকে জিজ্ঞেস করব, কবে তুমি বিয়ে করছ? আর সবার মতো আমিও বিষয়টি জানতে চাই।’
আদিত্য চোপড়ার কাছে কোন প্রশ্নের জবাব জানতে চান—করণের এই প্রশ্নে কাজল এক কথায় উত্তর দিয়ে বলেন, একই প্রশ্ন তিনি আদিত্যকেও জিজ্ঞেস করতে চান। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
২০১২ সালেই বিয়ে করে থিতু হওয়ার পরিকল্পনা করেছিলেন রানী-আদিত্য। কিন্তু আদিত্যর বাবা যশ চোপড়ার আকস্মিক মৃত্যুর কারণে বিয়ের সব পরিকল্পনাই বাতিল করা হয়। কারণ হিন্দু রীতি অনুযায়ী পরিবারের কারও মৃত্যু হলে সাধারণত এক বছর কোনো ধরনের উত্সবের আয়োজন করা যায় না।

এ ছাড়া গত বছরের জুলাইয়ে আদিত্যের মা পামেলা চোপড়া ছেলের বিয়ের ‘শুভলগ্ন’ জানার জন্য পারিবারিকভাবে ধর্মযাজকের সঙ্গে কথা বলেছিলেন বলে খবর রটেছিল। রানীর অনামিকায় বিশাল একটি হিরার আংটি দেখা যাওয়ার পর আদিত্যের সঙ্গে তাঁর বাগদানের খবরও রটেছিল।

সর্বশেষ গত জানুয়ারি মাসে খবর চাউর হয়, ১০ ফেব্রুয়ারি যোধপুরের উমাইদ ভবন প্রাসাদে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন রানী-আদিত্য। শুধু তাই নয়, জুহুতে এই প্রেমিক যুগল এক ছাদের নিচে বসবাস করছেন বলেও খবর চাউর হয়েছে।

রানী-আদিত্যের বিয়ে নিয়ে সবার মধ্যে ব্যাপক কৌতূহল থাকলেও কোনো এক অজানা কারণে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি এই জুটি কিংবা তাঁদের পরিবারের পক্ষ থেকে। সবার প্রত্যাশা, শিগগির সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিয়ের ঘোষণা দেবেন ‘চোরি চোরি চুপকে চুপকে’ তারকা রানী মুখার্জি ও সাড়াজাগানো ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’ ছবির পরিচালক আদিত্য চোপড়া।