রানীর বিয়ের ব্যস্ততা

অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে খুব শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আদিত্য চোপড়া এবং বঙ্গ-কন্যা বলিউডের তারকা অভিনেত্রী রানী মুখার্জি। এ মুহূর্তে বিয়ের সব আয়োজন নিয়েই ব্যস্ত আছেন তারা।
সবকিছু ঠিক থাকলে আগামী ১০ ফেব্রুয়ারি যোধপুরের উমাইদ ভবন প্রাসাদে তাঁরা বিয়ের কাজটি সারবেন বলেই খবর জানিয়েছে জিনিউজ।
কিছুদিন আগেও রানীর অনামিকায় জমকালো ডায়মন্ডের রিং দেখে খুব জোরালভাবে রানী ও আদিত্যের বিয়ের গুঞ্জন শোনা গিয়েছিল। রানীর হবু শাশুড়ি পামেলা চোপড়া ছেলের বিয়ের ‘শুভলগ্ন’ জানার জন্য পারিবারিকভাবে ধর্মযাজকের সঙ্গে কথাও বলেছেন বলেও জানা গেছে। কিন্তু হঠাত্ করেই যশ চোপড়ার আকস্মিক মৃত্যুর কারণে বিয়ের সব পরিকল্পনাই বাতিল করা হয়েছিল।
পরিবারের কারো মৃত্যু হলে সাধারণত হিন্দু রীতি অনুযায়ী এক বছর কোন ধরনের উত্সবের আয়োজন করা যায় না। হয়তো এটাই তাঁদের বিয়ে বিলম্বের কারণ।
তবে সংবাদমাধ্যমের খবর, নানা জল্পনা-কল্পনার অবসান ঘটলেও বিয়ে নিয়ে এখনো কোন আনুষ্ঠানিক ঘোষণা দেননি এই জুটি কিংবা তাঁদের পরিবার। তাদের মুখে শুভ সংবাদটি শোনার জন্য এখন শুধুই অপেক্ষার পালা।