রাফাত-আঁখির দ্বৈত গান
ক্লোজআপ তারকাখ্যাত রাফাতের তৃতীয় অ্যালবামের একটি দ্বৈত গানে কণ্ঠ দিলেন আঁখি আলমগীর ও রাফাত। ‘শিরোনামে তুমি আমার তোমাতেই হবে শেষ/চাইলে প্রাণটাও দিয়ে দেব আমি শুধু তোমায় দেব না’—কথায় সাজানো গানটির কথা ও সুর রাফাতের। সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার।আসছে বৈশাখে প্রকাশের জন্য নিজের তৃতীয় একক অ্যালবামের কাজ করছেন রাফাত। ওই অ্যালবামে থাকবে গানটি। সম্প্রতি সুফি ধাঁচের এ গানটিতে কণ্ঠ দিয়েছেন আঁখি আলমগীর ও রাফাত। গান প্রসঙ্গে আঁখি আলমগীর বলেন, ‘জীবনে অনেক গানেই কণ্ঠ দিয়েছি। তবে এ গানটি আমার কাছে একেবারেই অন্য রকম মনে হয়েছে। শ্রোতারা শুনলেই সেটা টের পাবেন।’ এদিকে রাফাত বলেন, ‘আঁখি আপা অনেক সময় নিয়ে গানটিতে কণ্ঠ দিয়েছেন। শুনলে যে কারও ভালো লাগবে।’ রাফাত আরও জানিয়েছেন, গত অ্যালবামগুলোর মতো এবারও সুফি ধাঁচের অ্যালবামই করছেন তিনি। ইতিমধ্যে অ্যালবামের তিনটি গানের কাজ শেষ হয়েছে।