রাবণ আসছে...
বারসো রে মেঘা, চার বছর আগে গুরু ছবির গানের শুটিং করছিলেন মণি রত্নম। নায়িকা ঐশ্বরিয়া রাই তখনো ‘বচ্চন’ হয়ে ওঠেননি। চারদিকে ঝুম বৃষ্টি, হঠাৎ কী মনে করে ফিসফিসিয়ে মণি ঐশ্বরিয়ার কানে কানে বলেন, অভিষেক আর তোমাকে নিয়ে নতুন আরেকটি গল্প ভেবেছি। করবে? ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া পরিচালক মণি রত্নমের প্রস্তাব ফেরায়—এমন সাধ্য কার। স্বয়ং অমিতাভ বচ্চন, আমির খান মণি রত্নমের সঙ্গে এখনো কাজ না করার দুঃখে আফসোস করেন! ঐশ্বরিয়ার নিজেরই অবশ্য অভিষেক হয়েছিল মণির আলোচিত তামিল ছবি ইরুভার দিয়ে। স্বাভাবিকভাবেই ঐশ্বরিয়া সম্মতি জানিয়ে দেন। শুরু হয় রাবণ-এর শুটিং। নাম ভূমিকায় অভিষেক বচ্চন। স্বামী-স্ত্রীর চরিত্রে ঐশ্বরিয়া ও বিক্রম। এই রাবণ, রামায়ণ-এর রাবণ নয়; তিনি বীরা। বীরার বোন প্রিয়ামণি মারা যায় পুলিশ দেবের (বিক্রম) কারণে। দেবকে শিক্ষা দেওয়ার জন্য বীরা অপহরণ করে দেবের স্ত্রী রাগিণীকে (ঐশ্বরিয়া)। এরপর বীরা কী করে ‘রাবণ’ হয়ে ওঠে, এই নিয়েই মণি রত্নমের ছবি। দুই বছরেরও বেশি সময় ধরে রাবণ-এর শুটিং চলেছে। অনেকেই ভেবেছিল, শেষ পর্যন্ত বুঝি ছবিটি আলোর মুখ দেখবে না। পরিচালক তিনবার হাসপাতালে ভর্তি হন। বিশ্বে তখন ‘সোয়াইন ফ্লু’ আতঙ্ক; ঐশ্বরিয়া প্রবল জ্বরে কাতর হয়ে শয্যাশায়ী হন। তবে ছবির কাজ বিলম্ব হওয়ার বড় কারণ, মণি একই সঙ্গে ছবির হিন্দি ও তামিল সংস্করণের কাজ করেছেন। হিন্দি সংস্করণের নায়ক ‘দেব’ তামিল সংস্করণের ভিলেন ‘বীরা’। ঐশ্বরিয়া একবার পিচ্ছিল পাহাড়ে ওঠেন বিক্রমের সঙ্গে। শট শেষে আবার নিচে নেমে অভিষেকের সঙ্গে পাহাড়ে ওঠেন। যদিও অভিষেক শুধু হিন্দি সংস্করণে কাজ করেছেন।এর আগে যুবা, গুরু ছবিতে মণির সঙ্গে কাজ করেছিলেন অভিষেক। অনেকের মতে, রাবণ তাঁর জন্য অগ্নিপরীক্ষা। তিন বছর আগে গুরু মুক্তি পাওয়ার পর একক হিট ছবি দিতে পারেননি অভিষেক। স্বীকার করে অভিষেক বলেন, ‘আমি যখনই তলিয়ে যেতে থাকি, মণি স্যার টেনে তুলে ধরেন।’ যদিও যাঁরা ইতিমধ্যেই রাবণ দেখেছেন, তাঁদের রায়, পুরস্কার-যোগ্য তাক লাগানো অভিনয় করেছেন অভিষেক। গুরুর জন্য ১২ কিলো ওজন বাড়িয়েছিলেন, রাবণ-এর জন্য ১০ কিলো ওজন কমিয়েছেন। এমনকি অভিষেকের চুল কেটে কদমছাঁট চেহারা দিয়েছেন স্বয়ং মণি রত্নম। মুলতানি মাটি দিয়ে সযত্নে অভিষেকের মুখের মেকআপ করে দিয়েছিলেন। জঙ্গলে মাসের পর মাস শুটিং করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন প্রায় প্রত্যেকে।দক্ষিণের সুপারস্টার বিক্রমের কষ্টটা অবশ্য অন্য রকমের। ‘আমার খুব কষ্ট হয়েছে ঐশ্বরিয়ার সঙ্গে অভিনয় করতে’—বিক্রমের অস্বস্তি, ‘অ্যাশের চোখের দিকে তাকিয়ে অভিনয় করতে পারতাম না। আবার না তাকালেও কষ্ট হতো। আমরা দক্ষিণের সবাই ওঁর সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে থাকি। শেষ পর্যন্ত কিনা আমিই ভাগ্যবান হলাম! রাবণ-এর সত্যিকারের “হিরো” কিন্তু ঐশ্বরিয়াই। একবার চালাকুড়িতে পাহাড়ের কাছে বৃষ্টিতে শুটিং চলছিল। সবাই ভিজে একাকার। হঠাৎ ঐশ্বরিয়া আবিষ্কার করেন, ছবিতে রবি কিষাণ-তেজস্বিনী কোলাপুরির মেয়ের চরিত্রে যে শিশুটি অভিনয় করছে, সে জ্বরে কাঁপতে কাঁপতে পাহাড় থেকে পড়ে যাচ্ছে। ঐশ্বরিয়ার চিৎকার শুনে সবাই এগিয়ে আসেন। এরপর ঐশ্বরিয়া নিজে গরম পানি করে মেয়েটিকে গোসল করান। কম্বল জোগাড় করে ঘুম পাড়িয়ে সারা দিনই বাচ্চা মেয়েটির সেবা-যত্ন করেন। একবার শুটিংয়ে বন্য হাতির দলও আক্রমণ করেছিল। তখন আমরা যে যেভাবে পেরেছি, শুটিং ছেড়ে পালিয়েছি। অভিষেক, ঐশ্বরিয়াও এক গহিন জঙ্গলে টানা ১২ ঘণ্টা লুকিয়ে ছিল। ক্ষুধার্ত, তৃষ্ণার্ত অবস্থায় আতঙ্কে কাটে আমাদের সেই ১২ ঘণ্টা।’ দিনের পর দিন এত পরিশ্রম করতে বিরক্ত হননি? ঐশ্বরিয়ার উত্তর, ‘সে সুযোগ কই! একবার প্রচণ্ড ঝড়ের মধ্যে শুটিং করতে হয়েছে। শট শেষে যখন বিরক্তি নিয়ে উঠে এলাম, মণি স্যার বললেন, “সবকিছু ঠিক আছে মা? কষ্ট হয়নি তো?” হেসে ফেলেছিলাম। জবাব দিয়েছি “সব ঠিক আছে।” একবার শেষ বিকেলে আথিরাপল্লির কাছে পাহাড়ের জলপ্রপাতের সামনে দাঁড়িয়েছিলাম আমরা। হঠাৎ মণি বললেন, “এখন তুমি পাহাড়ে উঠবে।” ভেবেছিলাম মশকরা করছেন। কারণ সূর্যের আলো তখন নিভু নিভু। কিন্তু কিছু বোঝার আগেই দেখি, আমার হাতে সাঁজোয়া। পাহাড়ে উঠতে হবে। পুরো পাহাড়ে শেওলা। বারবার পিছলে যাচ্ছিলাম। শট শেষে নিজেকে মনে হয়েছে “সুপারম্যান”। দিনের পর দিন ভোর পাঁচটা থেকে জোঁক, সাপ, পোকামাকড়, পাহাড়, দুর্গন্ধযুক্ত নর্দমা, বিল, কাঁটা—এ রকম হাজারো আতঙ্কের সঙ্গে আলিঙ্গন করে কাজ করেছি। দেখা যেত, হিন্দি রাবণ-এর শুটিং করেই তামিল রাবণ করতে ছুটতে হতো। সবাই চিৎকার করছে, “তাড়াতাড়ি! আলো চলে যাচ্ছে।” মনে হচ্ছিল, প্রতিদিন আমি বোর্ড পরীক্ষা দিতে যেতাম।’ হিন্দি ছবিতে সাধারণত গানের মাঝে অ্যাকশন থাকে না। ‘রানঝা’ গানে ঐশ্বরিয়া নেচেছেন, অ্যাকশন দৃশ্যেও অংশ নিয়েছেন। অস্কার জয়ের পর এ আর রহমান-গুলজার জুটির এটিই প্রথম ছবি। রাবণ-এ আফ্রিকান ভোকালই বেশি ব্যবহার করেছেন রহমান। ছবির কোনো কিছুতেই কৃত্রিমতার আশ্রয় নিতে চাননি মণি। তবে ক্লাইমেক্স দৃশ্যের জন্য তিনটি সেতু তাঁকে তৈরি করতে হয়েছিল। ‘কাটা কাটা’ গানেও ৫০০ নৃত্যশিল্পী ব্যবহার করেছেন মণি। এত আয়োজন যে ছবির, সেই ছবি দেখার অপেক্ষায় এখন পুরো বলিউড। অপেক্ষা আর মাত্র একটি সপ্তাহ। রুম্মান রশীদ খানতথ্যসূত্র: ওয়েবসাইট