নাগরিক নাটকে অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম। ধারাবাহিকটি আজ রাতে প্রচারিত হবে চ্যানেল নাইনে। কথা হলো এই শিল্পীর সঙ্গে।খুব ব্যস্ত নাকি?অনেক ব্যস্ত। ঈদের সময়। প্রচুর কাজ করেছি। সব কটিই ভালো নাটক, ভালো টেলিছবি। চরিত্রগুলোও দারুণ। একসঙ্গে এতগুলো ভালো নাটক আর টেলিছবিতে সাধারণত কাজ করা হয় না। এবার হয়ে গেল। এর মধ্যে খুব সিরিয়াস নাটক যেমন আছে, তেমনি আছে মজার গল্পও। পরিচালক আর নাট্যকার কে কে?উল্লেখযোগ্য কয়েকটি কাজের কথাই বলি। নাট্যকারদের মধ্যে আছেন হুমায়ূন আহমেদ, আনিসুল হক। পরিচালকদের মধ্যে আছেন মেজবাউর রহমান, তুহিন অবন্ত; আরও অনেকে।হুমায়ূন আহমেদের সঙ্গে আপনি কখনো কাজ করেছিলেন?তাঁর লেখা অনেক নাটকে অভিনয় করেছি। কিন্তু সরাসরি তাঁর পরিচালনায় কিংবা তাঁর প্রযোজনা প্রতিষ্ঠানের কোনো কাজ করা হয়নি। তবে হুমায়ূন আহমেদের মৃত্যুর পর এবার করছি। পরিচালনা করছেন জুয়েল রানা। আপনার নিজের পরিচালনার খবর কী?গত ঈদে একটি নাটক করেছিলাম—চোর এল মোর ঘরে। এবার ওই নাটকের সিক্যুয়াল বানিয়েছি। নাম চোর গেল ভূত এল। মঞ্চের কথা বলুন।বাংলা একাডেমীতে নতুন মঞ্চ হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় মঞ্চটির উদ্বোধন হলো। এরপর আমরা ঢাকা থিয়েটার থেকে দ্য টেম্পেস্ট নাটকটি মঞ্চস্থ করেছি। আগামী ৭ নভেম্বর ভারতের বেঙ্গালুরুতে এই নাটকের আরেকটি প্রদর্শনী হবে। সম্প্রতি রামুতে বৌদ্ধমন্দিরে হামলা হয়। আগামী ডিসেম্বরে ঢাকা থিয়েটার থেকে সেখানে ধাবমান নাটকের প্রদর্শনী করার সিদ্ধান্ত নিয়েছি।