রামেন্দু মজুমদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যত দূর মনে পড়ে, সময়টা হবে ১৯৫২ সাল। আমি লক্ষ্মীপুর মডেল হাইস্কুলে ষষ্ঠ শ্রেণীর ছাত্র। আমাদের স্কুলে প্রতিবছরই বার্ষিক নাটক হতো। ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময়ই সেই বার্ষিক নাটকে অভিনয় করার সুযোগ হয়। নাটকটির নাম ছিল সিরাজউদ্দৌলা। আমি একটিতে ছোট্ট চরিত্রে অভিনয় করেছিলাম। চরিত্রটি ছিল ইংরেজ সেনাপতি ওয়াতস। স্কুলে তো স্থায়ী মঞ্চ ছিল না। আমরা স্কুলের মাঠে মঞ্চ বানিয়ে প্রতিবছরই নাটক করতাম। যাই হোক, জীবনে প্রথম অভিনয় করব। চরিত্রটি ছোট্ট। তার পরও নিজের কাছে ব্যাপক প্রস্তুতি নিয়েছিলাম। পোশাক থেকে শুরু করে সব দিক দিয়েই এই প্রস্তুতির কোনো কমতি ছিল না। মহড়া চলাকালে স্কুলে সাজ সাজ রব পড়ে যেত। কিন্তু প্রদর্শনীর দিন যতই ঘনিয়ে আসছিল, ততই একটু একটু করে টেনশন বাড়ছিল। ভেতরে ভেতরে ভয় কাজ করছিল। কিন্তু সেই ভয় আমি কাউকে বুঝতে দিইনি। প্রদর্শনীর দিন তো স্কুলের পরিবেশ হয়ে উঠেছিল আনন্দময়। সেদিন নাটকটি দেখতে প্রচুর দর্শক স্কুলের প্রাঙ্গণে জড়ো হয়েছিল এবং শেষ পর্যন্ত সমস্ত ভয়ভীতি ঠেলে দিয়ে আমার চরিত্রটিতে আমি ভালো অভিনয় করেছিলাম।