রামেন্দু মজুমদার ৫ প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ মে থেকে আন্তর্জাতিক থিয়েটার ইনস্টিটিউট (আইটিআই) বাংলাদেশ কেন্দ্রের উদ্যোগে শুরু হচ্ছে আন্তর্জাতিক নাট্যোৎসব। এর নামকরণ করা হয়েছে ‘ফার্স্ট ঢাকা আন্তর্জাতিক নাট্যোৎসব’। এবারই প্রথম বাংলাদেশে। হবে জাতীয় নাট্যশালার মূল মিলনায়তন, পরীক্ষণ থিয়েটার হল ও স্টুডিও থিয়েটার হলে। উৎসব নিয়ে পাঁচ প্রশ্নের উত্তর দিয়েছেন আইটিআই বিশ্বসভাপতি রামেন্দু মজুমদার।সাক্ষাৎকার নিয়েছেন শফিক আল মামুনএ ধরনের নাট্যোৎসব ঢাকায় প্রথম। কোন আগ্রহ থেকে এ উৎসব শুরু করতে যাচ্ছেন?আমরা তো আইটিআইয়ের ব্যানারে ঢাকায় এর আগেও আন্তর্জাতিক নাট্যোৎসব করেছি। সেখানে সেমিনার, নাটকসহ নানা আয়োজন থাকত। কিন্তু নাটক নিয়ে আলাদা করে এ ধরনের উৎসব করতে পারিনি। পৃথিবীর বিভিন্ন দেশে এ ধরনের আন্তর্জাতিক নাট্যোৎসব হয়। কায়রোর এক্সপেরিমেন্টাল আন্তর্জাতিক নাট্যোৎসব, ভারতের এনএসডি আন্তর্জাতিক নাট্যোৎসব, নান্দিকার আন্তর্জাতিক নাট্যোৎসব হয়। আমরা এখন থেকে দুই বছর অন্তর এ ধরনের আন্তর্জাতিক নাট্যোৎসব করতে চাই।আইটিআইয়ের ব্যানারে আন্তর্জাতিক সেমিনারসহ নাট্যোৎসব আমাদের নাট্যচর্চায় কতটুকু ভূমিকা রেখেছে বলে আপনি মনে করেন?এ ধরনের উৎসবে আমাদের নাট্যকর্মীরা বিভিন্ন দেশের বিশ্বমানের নাটক দেখার সুযোগ পান। একইভাবে বিদেশিরা আমাদের নাটক দেখতে পারেন। আমরা আমাদের নাটক বিশ্বদরবারে তুলে ধরতে পারি। ফলে দুইয়ে মিলে আমাদের থিয়েটারে একটা ইতিবাচক প্রভাব পড়েছে।প্রথম এ উৎসবে আন্তর্জাতিকভাবে বেশি দল অংশ নিচ্ছে না কেন?আরও বেশি দল এ উৎসবে আনা যেত। তবে সরকারি বরাদ্দ পাওয়া থেকে এ পর্যন্ত সময় কম পেয়েছি। মাত্র আড়াই মাস আগে আমরা বরাদ্দ পেয়েছি। এ সময়ের মধ্যে আরও অনেক দেশের সঙ্গে যোগাযোগ করে উঠতে পারিনি। কেননা কোনো দেশ যখন দেশের বাইরে নাটক করতে আসবে, তাদের প্রস্তুতিও তো থাকতে হবে।প্রথম এ ধরনের উৎসব করছেন। উৎসবে দর্শকের আগমন ঘটাতে কী ধরনের পদক্ষেপ নিচ্ছেন?আমি আগেই বলেছি, উৎসবের জন্য সময় কম পেয়েছি। সময় একটু বেশি পেলে প্রচারণা আগে থেকেই করতে পারতাম। তারপরও আমরা শিল্পকলা একাডেমীর সহযোগিতা নিয়েছি। ফেডারেশনভুক্ত নাট্যদলের কর্মীরাও কাজে সহযোগিতা করছেন। আমরা সংবাদমাধ্যম, টেলিভিশন মাধ্যমসহ নানাভাবে উৎসবের প্রচারণাকে নাট্যকর্মী, দর্শকের দোরগোড়ায় পৌঁছাতে চাইছি। আইটিআইয়ের বিশ্বসভাপতি হিসেবে আপনার প্রত্যাশার প্রাপ্তি কতটুকু?আমি আইটিআই বিশ্বসভাপতি নির্বাচিত হওয়ার পর থেকে আন্তর্জাতিকভাবে নাট্যচর্চাকে আরও বেগবান করার চেষ্টা করে আসছি। আন্তর্জাতিকভাবে থিয়েটারের ক্ষেত্রে কিছু ইতিবাচক পরিবর্তনও এনেছি। তবে আইটিআইয়ের কংগ্রেস সময়মতো করা সম্ভব হয়নি। গত বছর এ কংগ্রেস হওয়ার কথা ছিল। কোনো দেশ রাজি না হওয়ায় তা করা হয়নি। তবে এ বছর সেপ্টেম্বরে চীনে এ কংগ্রেস অনুষ্ঠিত হবে। বিশ্বসভাপতি নির্বাচিত হওয়ার পর থেকে আমি যেভাবে কাজ করতে চেয়েছি, তার অনেকটাই করতে পেরেছি। আমি সন্তুষ্ট।