রায়বেঁশের মহড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পকলা একাডেমীতে চলছে নৃত্যাঞ্চলের শিল্পীদের রায়বেঁশে নাচের মহড়া ষ প্রথম আলো
শিল্পকলা একাডেমীতে চলছে নৃত্যাঞ্চলের শিল্পীদের রায়বেঁশে নাচের মহড়া ষ প্রথম আলো

বাংলা ঢোল আর ধামসার বাদনের সঙ্গে মুখে বোল ফোটাচ্ছেন তরুণ প্রধান। তিনি কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে নাটক বিভাগের অধ্যাপক। সেই বোলের সঙ্গে তাল মিলিয়ে আক্ষরিক অর্থেই কোমর বেঁধে নাচ করছেন একদল তরুণ-তরুণী শিক্ষার্থী। গতকাল বৃহস্পতিবার শিল্পকলা একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যশালা মিলনায়তনের মহড়াকক্ষে দেখা গেল এই প্রশিক্ষণের দৃশ্য।
নৃত্য সংগঠন নৃত্যাঞ্চলের আয়োজনে সপ্তাহব্যাপী রায়বেঁশে নৃত্যের প্রশিক্ষণ চলছে গত ২৯ সেপ্টেম্বর থেকে। প্রশিক্ষণ দিচ্ছেন তরুণ প্রধান। এতে অংশ নিয়েছে নৃত্যাঞ্চলের শিশু-কিশোর থেকে নানা বয়সী ১২৫ জন শিক্ষার্থী। মাঝে মাঝে বিরতি দিয়ে সকাল ১০টা থেকে রাত নয়টা পর্যন্ত টানা প্রশিক্ষণ চলছে। শেষ হবে শনিবার। পরদিন রোববার সন্ধ্যা সাতটায় জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে হবে প্রশিক্ষণার্থীদের পরিবেশনায় রায়বেঁশে নৃত্যানুষ্ঠান।
নৃত্যাঞ্চলের পরিচালক শিল্পী শিবলী মহম্মদ প্রথম আলোকে জানালেন, দেশের নতুন প্রজন্মের নৃত্যশিল্পী ও শিক্ষার্থীদের বিভিন্ন আঙ্গিকের নাচের সঙ্গে পরিচয় করানো ও প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যে তাঁরা প্রতিবছর এ ধরনের নৃত্য প্রশিক্ষণের আয়োজন করে থাকেন। গত বছর পণ্ডিত বিরজু মহারাজ কত্থক নাচের এবং সুকল্যাণ ভট্টাচার্য ‘রায়-কৃষ্ণ পদাবলি’র ওপর প্রশিক্ষণ দিয়েছেন। এরই ধারাবাহিকতায় এবার রায়বেঁশের প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। প্রশিক্ষক তরুণ প্রধান বললেন, রায়বেঁশে নৃত্য অনেক প্রাচীন। এটি যুদ্ধের নৃত্য। ঢাকায় রায়বেঁশে নৃত্যের সঙ্গে তিনি ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর অঞ্চলের পাতা নৃত্য ও পাইক নৃত্যেরও প্রশিক্ষণ দিচ্ছেন। শিক্ষার্থীরা খুবই নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে অনুশীলন করেছে। তিনি আশা প্রকাশ করলেন, রোববারের অনুষ্ঠানটি আকর্ষণীয় হয়ে উঠবে।