রাশিয়া যাচ্ছে ৬০ সদস্যের সাংস্কৃতিক প্রতিনিধি দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ায় সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য বাংলাদেশ থেকে যাচ্ছে ৬০ সদস্যের একটি প্রতিনিধি দল। আগামী ১১ সেপ্টেম্বর দলটি রাশিয়ার উদ্দেশে যাত্রা করবে। এর মধ্যে বৃহস্পতিবার একটি দল যাবে, বাকি দলটি যাবে শুক্রবার।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ১৯৭২ সাল থেকে রাশিয়ার সঙ্গে বাংলাদেশের সাংস্কৃতিক চুক্তি রয়েছে। এ চুক্তির আওতায় বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে ২০১৩ সালের ১৫ জানুয়ারিতে ২০১৩-২০১৫ মেয়াদে একটি যৌথ সমঝোতা স্মারক সাক্ষর করা হয়। এ সমঝোতা স্মারক অনুযায়ী ২০১৪ সালে বাংলাদেশে ‘রাশিয়ান সাংস্কৃতিক উৎসব’ ও ২০১৫ সালে রাশিয়ায় ‘বাংলাদেশ সাংস্কৃতিক উৎসব’ আয়োজনের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়। সে ধারাবাহিকতায় ১০-১৭ সেপ্টেম্বর রাশিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ সাংস্কৃতিক উৎসব’।
রাশিয়ার মস্কো ও সাঙ্কৎ পিতেরবুর্গ শহরে এ উৎসব হবে। সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর-এর নেতৃত্বে ৬০ সদস্য বিশিষ্ট সাংস্কৃতিক প্রতিনিধি দল রাশিয়া যাচ্ছে। এর মধ্যে কর্মকর্তা ১০জন, সাংবাদিক ১জন, কণ্ঠশিল্পী ৩ জন, নৃত্যশিল্পী ২৯ জন, নৃত্যপরিচালক ২ জন, যন্ত্রশিল্পী ১০ জন, মঞ্চ ব্যবস্থাপক ২ জন, আলোক পরিকল্পক ১ জন, শব্দ ব্যবস্থাপক ১ জন ও উপস্থাপক ১ জন। কণ্ঠশিল্পীর তালিকায় আছেন মমতাজ বেগম, প্রিয়াঙ্কা গোপ ও এ এস এম শফি মণ্ডল। নৃত্য পরিচালকেরা হলেন শামীম আরা নীপা ও শিবলী মোহাম্মদ। সাংস্কৃতিক দলের সমন্বয়কারী হিসেবে যাচ্ছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উপপরিচালক শামীমা আক্তার জাহান।
মঞ্চ ব্যবস্থাপক হিসাবে যাচ্ছেন শিল্পকলা একাডেমীতে জেলা সংস্কৃতি কর্মকর্তা হিসাবে নতুন নিয়োগপ্রাপ্ত বর্তমানে একাডেমীর নাটক ও চলচ্চিত্র-বিষয়ক বিভাগের সহকারী পরিচালক চাকলাদার মোস্তফা আল মাসুদ এবং সহকারী মঞ্চ ব্যবস্থাপক হিসাবে যাচ্ছেন এ প্রতিষ্ঠানের কম্পিউটার অপারেটর শান্ত সাহা।
রাশিয়ায় অনুষ্ঠেয় বাংলাদেশ সাংস্কৃতিক উৎসবের স্লোগান নির্ধারণ করা হয়েছে ‘হ্যান্ড ইন হ্যান্ড, হার্ট টু হার্ট’। অনুষ্ঠানমালার মধ্যে থাকবে ১৩ সেপ্টেম্বর মস্কোর সোকোলনিকি পার্ক মুক্তমঞ্চে বাংলাদেশের শিল্পীদের পরিবেশনা। ১৪ সেপ্টেম্বর মস্কোর মালি থিয়েটারের লবিতে আলোকচিত্র প্রদর্শনী ও মিলনায়তনে বাংলাদেশের শিল্পীদের পরিবেশনা।
সাংস্কৃতিক প্রতিনিধি দল এরপর সাঙ্কৎ পিতেরবুর্গের উদ্দেশে মস্কো ত্যাগ করবে এবং ১৬ সেপ্টেম্বর এ শহরের ভি এফ কমিসারজেভ্‌স্কায়া থিয়েটারের লবিতে আলোকচিত্র প্রদর্শনী ও এর মিলনায়তনে বাংলাদেশের শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠানের আয়োজন করা হবে।
সাংস্কৃতিক প্রতিনিধি দলটি ১৭ সেপ্টেম্বর বাংলাদেশে ফিরে আসবে।