রাশিয়ায় চিত্রকর স্ট্যালোনের প্রদর্শনী!

হলিউডের ডাকসাইটে অ্যাকশন তারকা হিসেবেই সুপরিচিত সিলভেস্টার স্ট্যালোন। দুর্দান্ত মারকুটে সব অ্যাকশন দৃশ্যে অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র পরিচালনা, প্রযোজনা ও চিত্রনাট্য লেখার কাজও করেছেন এ র্যাম্বো তারকা। এবার চিত্রশিল্পী স্ট্যালোনের পরিচয় মিলল। তাঁর আঁকা ৩০টি চিত্রকর্ম নিয়ে ‘সিলভেস্টার স্ট্যালোন. আর্ট. ১৯৭৫-২০১৩’ শীর্ষক মাসব্যাপী চিত্রকর্ম প্রদর্শনীর আয়োজন করেছে সেন্ট পিটার্সবার্গে অবস্থিত দ্য রাশিয়ান মিউজিয়াম।
চলচ্চিত্র জগতে যাত্রা শুরুর আগে ছবি আঁকার ওপর প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়েছিলেন স্ট্যালোন। চার দশক ধরেই নিভৃতে ছবি এঁকে চলেছেন ৬৭ বছর বয়সী এ তারকা। এই দীর্ঘ সময়ে অনেক ছবিই এঁকেছেন তিনি। সেখান থেকে নির্বাচিত ৩০টি ছবি নিয়ে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। জানিয়েছে বিবিসি অনলাইন।

সম্প্রতি প্রদর্শনীটির উদ্বোধনী অনুষ্ঠানে স্ট্যালোন বলেন, ‘আমি কল্পনাও করিনি দ্য রাশিয়ান মিউজিয়ামে আমার আঁকা ছবি প্রদর্শিত হবে। ছবি আঁকা আমার একান্ত ব্যক্তিগত একটি বিষয়। এটা এমন একটি কাজ, যেখানে মন যা চায় সেটাই করতে পারি। সুযোগ থাকলে অভিনয়ের পরিবর্তে ছবি আঁকাকেই পেশা হিসেবে বেছে নিতাম। আমার ধারণা, অভিনেতার চেয়ে চিত্রশিল্পী হিসেবেই আমার দক্ষতা বেশি। আশা করছি, আমার আঁকা ছবিগুলো আপনারা পছন্দ করবেন।’
উজ্জ্বল রঙে আঁকা স্ট্যালোনের চিত্রকর্ম সম্পর্কে দ্য রাশিয়ান মিউজিয়ামের পরিচালক ভ্লাদিমির গাসেভ মন্তব্য করেছেন, ‘স্ট্যালোনের চিত্রকর্মগুলোতে একজন আবেগপ্রবণ মানুষের চরিত্র স্পষ্ট ফুটে উঠেছে। কোনোভাবেই এগুলোকে আনাড়ি শিল্পীর কাজ বলা যায় না। প্রকৃত চিত্রকর্ম এগুলো। দ্য রাশিয়ান মিউজিয়াম কখনোই আনাড়ি কিংবা দুর্বল শিল্পীর ছবি প্রদর্শন করে না।’