রাশিয়ায় যাচ্ছে সাংস্কৃতিক প্রতিনিধিদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ অশোকানন্দ নাটকের একটি মুহূর্ত l প্রথম আলো
জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ অশোকানন্দ নাটকের একটি মুহূর্ত l প্রথম আলো

রাশিয়ার সাংস্কৃতিক দল ‘ওরেনবুর্গ স্টেট একাডেমিক ফোক কয়্যার’ বাংলাদেশে এসেছিল গত বছর নভেম্বরে। ঢাকা ও চট্টগ্রামের দর্শকেরা সে দলের পরিবেশনা দেখে মুগ্ধ হয়েছিলেন। এবার ফিরতি সফরে রাশিয়ায় যাচ্ছে বাংলাদেশের ৬০ সদস্যের একটি সাংস্কৃতিক দল।
১৯৭২ সাল থেকে রাশিয়ার সঙ্গে বাংলাদেশের সাংস্কৃতিক চুক্তি রয়েছে। এ চুক্তির আওতায় বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে ২০১৩ সালের ১৫ জানুয়ারিতে ২০১৩-২০১৫ মেয়াদে একটি যৌথ সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়। এ সমঝোতা স্মারক অনুযায়ী, ২০১৪ সালে বাংলাদেশে ‘রাশিয়ান সাংস্কৃতিক উৎসব’ ও ২০১৫ সালে রাশিয়ায় ‘বাংলাদেশ সাংস্কৃতিক উৎসব’ আয়োজনের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়। তারই ধারাবাহিকতায় ১০ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত রাশিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ সাংস্কৃতিক উৎসব’।
খবরটি জানা গেছে সংস্কৃতি মন্ত্রণালয় সূত্রে। রাশিয়ার উদ্দেশে আজ বৃহস্পতিবার দলের একটি অংশ যাত্রা করবে, বাকি অংশ যাবে কাল শুক্রবার। দলের নেতৃত্ব দেবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। এই দলে থাকছেন কর্মকর্তা ১০ জন, কণ্ঠশিল্পী ৩ জন, নৃত্যশিল্পী ২৯ জন, নৃত্যপরিচালক ২ জন, যন্ত্রশিল্পী ১০ জন, মঞ্চ ব্যবস্থাপক ২ জন, আলোক পরিকল্পক ১ জন, শব্দ ব্যবস্থাপক ১ জন, উপস্থাপক ১ জন ও সাংবাদিক ১ জন। কণ্ঠশিল্পীর তালিকায় আছেন মমতাজ বেগম, প্রিয়াঙ্কা গোপ ও শফি মণ্ডল। নৃত্যপরিচালকেরা হলেন শামীম আরা নীপা ও শিবলী মহম্মদ। সাংস্কৃতিক দলের সমন্বয়কারী হিসেবে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উপপরিচালক শামীমা আক্তার জাহান ও মঞ্চ ব্যবস্থাপক হিসেবে যাচ্ছেন একাডেমীতে জেলা সংস্কৃতি কর্মকর্তা হিসেবে নতুন নিয়োগপ্রাপ্ত বর্তমানে একাডেমির নাটক ও চলচ্চিত্র-বিষয়ক বিভাগের সহকারী পরিচালক চাকলাদার মোস্তফা আল মাসুদ। সহকারী মঞ্চ ব্যবস্থাপক হিসেবে যাচ্ছেন এ প্রতিষ্ঠানের কম্পিউটার অপারেটর শান্ত সাহা।
রাশিয়ায় অনুষ্ঠেয় বাংলাদেশ সাংস্কৃতিক উৎসবের স্লোগান নির্ধারণ করা হয়েছে ‘হ্যান্ড ইন হ্যান্ড, হার্ট টু হার্ট’। ১৩ সেপ্টেম্বর মস্কোর সোকোলনিকি পার্ক মুক্তমঞ্চে থাকবে বাংলাদেশের শিল্পীদের পরিবেশনা। ১৪ সেপ্টেম্বর মস্কোর মালি থিয়েটারের লবিতে আলোকচিত্র প্রদর্শনী ও মিলনায়তনে বাংলাদেশের শিল্পীদের পরিবেশনা। এরপর দলটি সাঙ্কৎ পিতেরবুর্গের উদ্দেশে মস্কো ত্যাগ করবে। দলটি ১৭ সেপ্টেম্বর বাংলাদেশে ফিরে আসবে।