রাশেদের বন্ধু আফনান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ধানমন্ডি বয়েজ স্কুলের সামনে ছেলেপুলেদের হট্টগোল। হট্টগোলটা আরও জোরদার করলেন অচেনা এক ভদ্রলোক এসে। দুম করে ঘোষণা দিলেন, ‘মুহম্মদ জাফর ইকবালের আমার বন্ধু রাশেদ বই অবলম্বনে ছোটদের একটি ছবি বানানো হবে। সেখানে তোমাদের মতো স্কুলপড়ুয়া কয়েকজন কিশোর অভিনেতার দরকার। তোমরা কে কে অভিনয় করতে চাও?’ ২০০৯ সালের মার্চ-এপ্রিল কিংবা মে মাসের কথা সেটা।স্কুলের প্রায় সবাই মুহম্মদ জাফর ইকবালের কিশোর উপন্যাস বিশেষজ্ঞ। আমার বন্ধু রাশেদ তো তাদেরও প্রাণের বন্ধু। অষ্টম শ্রেণীর চৌধুরী জাওয়াতা আফনান ছাত্র হিসেবে বেশ ভালোই। জীবনে কখনো অভিনয়ও করেনি সে। তার পরও কী মনে করে অডিশনের জন্য নাম লেখাল ছেলেটা। পঞ্চম শ্রেণীতে থাকতে আমার বন্ধু রাশেদ-এর সঙ্গে পরিচয় হয়েছিল তার। আর দশজনের মতো সে-ও রাশেদ ছেলেটাকে ভালোবেসে ফেলেছিল। আফনান জানত সুযোগ হবে না, তার পরও ওই কাল্পনিক রাশেদ আর অ্যাডভেঞ্চারের টানেই স্কুলের আরও চার সঙ্গীসহ চলে গেল অডিশন দিতে।অডিশন হলো। ২০০৯ সালের জুলাই মাসে শুরু হলো শুটিং। আরআমার বন্ধু রাশেদ ছবিটি মুক্তি পেল দিন কতক আগে। ছবিটির কুশীলবের নামের জায়গায় একটা নাম চোখে পড়ে থাকবে আপনার—চৌধুরী জাওয়াতা আফনান। হ্যাঁ, ধানমন্ডি বয়েজ স্কুলের সেই রাশেদভক্ত আফনান, যে নিজেই এখন রাশেদ বনে গেছে!ছবিতে অভিনয় করতে গিয়ে সত্যিই রাশেদ ভর করেছিল আফনানের মধ্যে। এখন দশম শ্রেণীর ছাত্র আফনান বলল সে কথাই, ‘অভিনয় করার সময় মনে হতো, আমি আফনান নই, আমি রাশেদ। ছবিতে কাজের পরও অনেক দিন পর্যন্ত রাশেদের প্রভাব ছিল আমার মধ্যে। চলছি, ফিরছি, বারবার মনে হতো, আমি রাশেদ।’ এ কারণেই কি ছবিতে রাশেদ হয়ে খুব ‘ভালোভাবে’ দর্শকদের কাঁদাতে পেরেছে আফনান? আফনান হাসে, ওর হাসিটাও যে রাশেদের মতো! যে হাসিতে লুকিয়ে থাকে আগাম গাম্ভীর্য, খানিকটা বিষাদ।হাসিতে বিষাদ থাকলে কী হবে, ছবিতে অভিনয়ের পুরো সময়টুকুই হরিষে কেটেছে আফনানদের। প্রথম ভাগে টানা ২১ দিন কেটেছে দিনাজপুরে। আফনানের ভাষায়, ‘সময়টা ছিল ঠিক পিকনিকের মতো। আমার বয়সী আরও আটজন অভিনয় করেছে। ইবু চরিত্রে অভিনয় করেছিল রায়ান ইবতেশাম চৌধুরী, রিফায়েত জিন্নাত অভিনয় করেছিল ফজলু চরিত্রে। আশরাফ হয়েছিল ফাইয়াজ বিন জিয়া। মজার চরিত্র কাদের হয়েছিল কাওসার আবেদিন। এদের মধ্যে রিফায়েত আমার সঙ্গেই পড়ে। ছবিতে কাজ করার আগে ওর সঙ্গে তেমন কথা হতো না। কিন্তু এখন ওর সঙ্গেই ভালো খাতির আমার! যা হোক, শুটিংয়ের সময় আমাদের দিন শুরু হতো ভোর চারটায়। বিছানায় যেতে যেতে বেজে যেত রাত দুইটা কিংবা তিনটা। এর মধ্যেই দারুণ মজা হতো। সব সময় মনে হতো, একটা অ্যাডভেঞ্চারে এসেছি।’ প্রথম কাজ তো বেশ ভালোভাবেই উতরে গেল। অন্তত বন্ধু-স্বজন ও দর্শকদের মন্তব্য শুনে তেমনটাই মনে করে আফনান। তার পরও ‘আরও ভালো করা যেত’ বলে মনে হয়েছে তার। সামনে আবার অভিনয় করবে কি না, এখনো ঠিক করেনি বিজ্ঞান বিভাগে পড়ুয়া ছেলেটি। এখনো ঠিক করতে পারেনি তার ‘এইম ইন লাইফ’। আফনান দ্বিধান্বিত, ‘কখনো ইচ্ছে হয় গিটারিস্ট হই, কখনো বা ক্রিকেটার। অনূর্ধ্ব-১৬ দলেও খেলেছি। আর এখন ইচ্ছে করছে আলোকচিত্রী হই।’ কিন্তু যদি বেছে নিতে বলা হয়, তুমি আফনান না রাশেদ হতে চাইবে? ‘রাশেদ হতে পারলে তো মন্দ হতো না। কোনো বাধা নেই, যখন যা ইচ্ছা করা যেত। কিন্তু না, আমার মনে হয় আফনানই হতে চাইব শেষমেশ!’ রাশেদের, নয়, চৌধুরী জাওয়াতা আফনানের অকপট উত্তর।