রাষ্ট্রের কাছে যথাযথ মর্যাদা পাননি ড. শহীদুল্লাহ্
জীবনভর মাতৃভাষা ও মাতৃভূমির জন্য কাজ করেও ভাষাবিদ ড. মুহাম্মদ শহীদুল্লাহ্ রাষ্ট্রীয়ভাবে যথাযথ মর্যাদা পাননি বলে অভিযোগ করেছেন তাঁর পরিবারের সদস্য, শিক্ষানুরাগী ও শুভানুধ্যায়ীরা। গতকাল রোববার বিকেলে শাহবাগে জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে মুহাম্মদ শহীদুল্লাহ্র ১২৭তম জন্মবার্ষিকীর আলোচনা সভায় তাঁরা এই অভিযোগ করেন। সভার সভাপতি অধ্যাপক মনসুর মুসা বলেন, ‘বাঙালি জাতির সৌভাগ্য যে ড. মুহম্মদ শহীদুল্লাহ্র মতো একজন গুণী ব্যক্তিকে পেয়েছিল। বাংলা ভাষাকে সমৃদ্ধ করেছেন তিনি। বাংলা ব্যাকরণ ও বাংলা অভিধান রচনায় তাঁর গুরুত্বপূর্ণ অবদানের কারণে বাংলাভাষা আজ অনেক সমৃদ্ধ। জীবনব্যাপী তাঁর সংগ্রামের বিষয়টি আমাদের মনে রাখতে হবে। তাঁর আদর্শ নিয়েই এগিয়ে যেতে হবে।’ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সিদ্দিকা মাহমুদা বলেন, ‘ড. মুহম্মদ শহীদুল্লাহ্র জীবন পর্যালোচনা করে দেখা যায়, এই গুণী ব্যক্তি আমাদের অনেক সমৃদ্ধ করে গেছেন। কিন্তু তাঁর মর্যাদা আমরা কতটুকু দিতে পেরেছি আর তাঁর আদর্শইবা কতটা বাস্তবায়ন করতে পেরেছি?’ড. মুহম্মদ শহীদুল্লাহ্ জ্ঞানপীঠের আহ্বায়ক চমন আরা বলেন, ‘জীবন আলোচনা করতে গিয়ে আমরা অনেক কিছুই বলি। কিন্তু রাষ্ট্রীয়ভাবে তিনি কতটা সম্মান পেয়েছেন? আগামী প্রজন্মের কাছে ড. মুহম্মদ শহীদুল্লাহ্ কতটা পৌঁছাতে পেরেছেন? যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সারাজীবন কাটিয়েছেন, সেখান থেকে তাঁর জন্য কী করা হয়েছে? এ প্রশ্নগুলো বারবারই আমাদের সামনে হাজির হয়।’আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ফাতেমা কাওসার, ড. মুহম্মদ শহীদুল্লাহ্ পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. আসাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রোকেয়া খাতুন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো. সুজা-উদ-দৌলা প্রমুখ। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা সাহিত্যের (সম্মান) কৃতী শিক্ষার্থী রোকেয়া খাতুন ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা সাহিত্যের (সম্মান) কৃতী শিক্ষার্থী মো. সুজা-উদ-দৌলার হাতে ‘ড. শহীদুল্লাহ্ জ্ঞানপীঠ পুরস্কার ও বৃত্তি’র অর্থ তুলে দেওয়া হয়। এ ছাড়া ড. শহীদুল্লাহ্ পরিবারের সদস্যদের মধ্যে নারী উদ্যোক্তা হিসেবে বিশেষ অবদানের জন্য মুনীজা বশীর ও মহান মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য মো. তরিকুল্লাহকে ‘যকীয়্যুল্লাহ-জিনাত আরা শিক্ষা কল্যাণ ট্রাস্ট সম্মাননা’ দেওয়া হয়। পরে শহীদুল্লাহ্র জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার দেওয়া হয়।