রাহমানের ৫০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ আর রাহমানের ​সঙ্গে স্ত্রী সায়েরা বানু
এ আর রাহমানের ​সঙ্গে স্ত্রী সায়েরা বানু

আজ কথা হোক এ আর রাহমানকে নিয়ে। কী উপলক্ষ? আগামীকাল মুক্তি পাচ্ছে ওকে জানু ছবিটি। এ ছবির সুর ও সংগীত করেছেন রাহমান। আর তা ছাড়া এই তো সেদিন, ৬ জানুয়ারি এই সুরস্রষ্টার বয়স হয়েছে ৫০। তাই আজ রাহমানের জীবন ও কর্ম নিয়ে জেনে নেব ৫০টি তথ্য

১

রাহমান নিশাচর মানুষ। সারা রাত জেগে কাজ করেন। এই অভ্যাস তাঁর ছোটবেলা থেকেই। ৯ বছর বয়সী রাহমান রাতভর ক্যারাম খেলতেন আর সকাল ৭টা পর্যন্ত চলত তাঁর পিয়ানো প্রশিক্ষণ।

২

এ কারণে সকাল সকাল স্কুলে যেতে পারতেন না তিনি। তাই মাত্র ১৫ বছর বয়সে স্কুলে লম্বা সময় অনুপস্থিত থাকায় তাঁকে বহিষ্কার করা হয়।

৩

রাহমানের নাম ছিল দিলীপ কুমার। যখন তাঁর পরিবার ধর্মান্তর করে, তখন অস্কারজয়ী এ সুরস্রষ্টাকে ৭টি নামের তালিকা দেওয়া হয়েছিল। সেখান থেকে রাহমান বেছে নেন তাঁর বর্তমান নামটি—আল্লাহ রাখা রাহমান।

৪

অদ্ভুত বিষয় হলো, দিলীপ কুমার নামে জন্ম নেওয়া রাহমানের স্ত্রীর নাম সায়েরা বানু। বলিউডের কিংবদন্তি জুটি অভিনেতা দিলীপ কুমার আর অভিনেত্রী সায়েরা বানুর মতো।

ওকে জানু ছবির পোস্টার। এ ছবির সংগীত পরিচালক রাহমান
ওকে জানু ছবির পোস্টার। এ ছবির সংগীত পরিচালক রাহমান

৫
সায়েরা বানুকে রাহমানের মা একটি দরগায় দেখেছিলেন প্রথম। এর পরপরই রাহমানের জন্য সায়েরার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠান তিনি।

৬
সায়েরারও রয়েছে ফিল্মি সম্পর্ক। তামিল অভিনেতা রহমানের শ্যালিকা তিনি। তবে সায়েরার বাবা ছিলেন ব্যবসায়ী। তাই শুরুতে মেয়েকে গান করে এমন ব্যক্তির সঙ্গে বিয়ে দিতে ইতস্তত বোধ করেছিলেন সায়েরার বাবা।

৭
লম্বা সময় ধরেই এই সংগীতশিল্পী নিরামিষভোজী।

৮
১৯৯২ সালে নিজের প্রথম সিনেমার গানের জন্য সংগীতশিল্পী অলকা ইয়াগনিকের সঙ্গে যোগাযোগ করেছিলেন এ আর রাহমান। কিন্তু তেমন নামী না হওয়ায় অলকা প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন সেবার।

৯

রাহমান সাদামাটা জীবন যাপনে অভ্যস্ত। এখনো এই শিল্পী চেন্নাইয়ের কোদামবাক্কামে দোতলা একটি ছোট বাড়িতে থাকেন।

১০

রাহমান তিন সন্তানের জনক। দুই মেয়ে ও এক ছেলে তাঁর—খাদিজা, রাহিমা ও আমিন।

১১

স্টুডিওতে রাতভর কাজের পাশাপাশি দিনের বেলা রাহমান সন্তানদের সঙ্গে খেলতে ভালোবাসেন।

১২

তিন বোন রায়হানা, ফাতিমা ও ইশরাতকে প্রচণ্ড ভালোবাসেন রাহমান। নিয়মিত তাঁদের সঙ্গে রাহমানের কথা বলা চাই-ই চাই।

১৩

কোনো ডাকনাম নেই রাহমানের।

১৪

সময় পেলেই স্টুডিও থেকে বেরিয়ে পরিবারের সঙ্গে সময় কাটান তিনি।

১৫

বড় কোনো উৎসব কিংবা কনসার্টে যাওয়ার সময় নিজের পোশাক নিয়ে দারুণ চিন্তায় পড়েন রাহমান। তাই তাঁর পোশাক-আশাক ঠিক করার সব দায়িত্ব দিয়েছেন স্ত্রী সায়েরাকে।

১৬

কোনো ধরনের অলংকার কিংবা অ্যাকসেসরিজ পছন্দ করেন না এ আর রাহমান। অনামিকায় একটি চিকন প্লাটিনামের আংটি পরেন তিনি। এমনকি ঘড়িও পরেন না কখনো।

১৭

রাহমান সিডি কিংবা রেকর্ডের দোকানে ঘুরতে খুব ভালোবাসেন। একবার রাত দুইটায় নিউইয়র্কে নামেন রাহমান। বিমানবন্দর থেকে সরাসরি চলে যান নিউইয়র্কের ভার্জিন রেকর্ডসের দোকানে। ভোর হওয়া পর্যন্ত সেখানেই কেনাকাটা করতে থাকেন তিনি।

১৮

সারা রাত কাজের পর ভোরবেলা রাহমানের প্রথম কাজ প্রার্থনা করা। এরপর ছেলেমেয়েদের স্কুলে পৌঁছে দিয়ে ঘুমাতে যান তিনি।

১৯

গান তৈরির সময় স্ত্রী ও সন্তানদের রেকর্ডিং স্টুডিওতে ঢুকতে দেন না রাহমান।

২০

পরিবার নিয়ে ছুটি কাটাতে বছরে অন্তত একবার দেশের বাইরে যান।

রাহমা​ন ও লতা ম​েঙ্গশকর। রাহমানের বাবা লতার ছবি সামনে নিয়ে গান তৈরি করতেন সব সময়
রাহমা​ন ও লতা ম​েঙ্গশকর। রাহমানের বাবা লতার ছবি সামনে নিয়ে গান তৈরি করতেন সব সময়

২১

বাবা স্কুলে গিয়ে অটোগ্রাফ দিক, এটা মোটেও পছন্দ করে না মেয়ে খাদিজা। তাই বাবা রাহমানকে স্কুলের ভেতরে নিতে চায় না সে।

২২

রাহমান ও তাঁর ছেলে আমিনের জন্মদিন একই দিনে—৬ জানুয়ারি।

২৩

ধুমধাম করে কখনোই জন্মদিন পালন করেন না মাদ্রাজ মোৎজার্ট। বিশেষ প্রার্থনা, অনাথ শিশুদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি পরিবারের সঙ্গে এদিন একটু বেশি সময় কাটান তিনি।

২৪

নিজের বাজানো প্রথম কি-বোর্ডটি রাহমান এখনো সংগ্রহে রেখেছেন।

২৫

যেকোনো বাদ্যযন্ত্রই প্রথমে পুরোপুরি খুলে তা আবার জোড়া লাগাতে পছন্দ করেন রাহমান।

২৬

পেঙ্গুইন পাবলিশার্স রাহমানের একটি জীবনী প্রকাশ করতে চেয়েছিল। কিন্তু তিনি নানা কারণে সেই অনুমতি দেননি।

২৭

চলচ্চিত্র পরিচালক মনিরত্নম হলেন একমাত্র মানুষ, যিনি চাইলে যেকোনো সময় রাহমানের সঙ্গে দেখা করতে পারেন।

২৮

রাহমান কথা কম বলেন, এটা সবারই জানা। তবে কাছের বন্ধুদের আড্ডায় গেলে নাকি তিনি চুপ করে থাকতে পারেন না।

২৯

বরাবরই নিজের গানগুলোর রেকর্ডিং অনেক রাতে করেন রাহমান। তবে এসপি বালাসুব্রমানিয়ামের জন্যই একমাত্র নিয়ম ভেঙেছিলেন তিনি। সুব্রমানিয়ামের জন্যই শুধু সকাল ১০টার আগে সেদিন গান রেকর্ড করেছিলেন তিনি।

৩০

তাল ছবির গান তৈরির সময় নির্মাতা সুভাষ ঘাই বলেছিলেন, রাহমান একদিন অস্কার জিতবেন। সে সময় এ কথা হেসে উড়িয়ে দিয়েছিলেন রাহমান।

৩১

অস্কারজয়ী ‘জয় হো’ গানটি মূলত সুভাষ ঘাইয়ের ছবি যুবরাজ-এর জন্য তৈরি করেছিলেন এ আর রাহমান।

৩২

রাহমান সাম্প্রতিক অ্যালবাম কাপলস রিট্রিট এ পর্যন্ত প্রায় ১০০ মিলিয়ন ডলার আয় করেছে।

৩৩

রাহমান একমাত্র ভারতীয়, যাঁর নাম উঠেছে ‘বেস্ট সেলিং মিউজিক আর্টিস্ট অব দ্য ওয়ার্ল্ড’ (বিশ্বে সর্বাধিক বিক্রীত গানের শিল্পী) তালিকায়।

৩৪

রাহমানের বাবা আর কে শেখর ছিলেন তামিল ও মালয়ালম চলচ্চিত্র দুনিয়ার আবহসংগীতায়োজক। তাঁর বাবা নাকি লতা মঙ্গেশকরের দারুণ ভক্ত ছিলেন।

৩৫

১৯৮০ সালে দূরদর্শনে ‘ওয়ান্ডার বেলুন’ নামে ছোটদের এক অনুষ্ঠানে একই সঙ্গে চারটি কি-বোর্ড বাজিয়ে আলোড়ন তোলেন রাহমান।

৩৬

মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান এয়ারটেলের সিগনেচার টিউন কম্পোজ করেছেন রাহমান।

৩৭

২০১৩ সালে কানাডার ওন্টারিওর মারখাম শহরে একটি রাস্তার নাম দেওয়া হয়েছে রাহমানের নামে।

৩৮

একটি ফরাসি টিভি জিঙ্গেলে রাহমানের বোম্বে ছবির গান ব্যবহার করা হয় ২০০০ সালে। সেই জিঙ্গেলে মডেল হয়েছিলেন ফুটবল তারকা জিনেদিন জিদান।

৩৯

এশিয়ার একমাত্র ব্যক্তি রাহমান, যিনি একই বছরে জিতেছেন দুটি অস্কার।

৪০

রাহমানের করা দিল সে ছবির ‘ছাইয়া ছাইয়া’ গানটির কিছু অংশ ব্যবহার করা হয় ড্যানজেল ওয়াশিংটন অভিনীত ইনসাইড ম্যান ছবিতে।

৪১

রাহমান ২টি অস্কার, ২টি গ্র্যামি, ১টি বাফটা, ১টি গোল্ডেন গ্লোব, ৪টি জাতীয় পুরস্কার, ১৫টি ফিল্মফেয়ার পুরস্কার ও ১৪টি দক্ষিণ ভারতীয় ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন রাহমান।

৪২

কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে চেয়েছিলেন এ আর রাহমান। কারণ ইলেকট্রনিক যন্ত্রপাতির প্রতি প্রবল আকর্ষণ ছিল তাঁর।

৪৩

সংগীত পরিচালনায় ব্যস্ত হওয়ার আগে নেমেসিস এভিনিউ নামের একটি রক ব্যান্ড তৈরি করেছিলেন এ আর রাহমান।

৪৪

রেকর্ডপ্লেয়ার হিসেবে জীবনে প্রথম আয় করেছিলেন রাহমান। তাঁর প্রথম পারিশ্রমিক ছিল ৫০ রুপি।

৪৫

রাতে কারও ফোন ধরতে মোটেও পছন্দ করেন না তিনি।

৪৬

রাহমানের প্রথম ছবি রোজা বলা হলেও, তাঁর সংগীত পরিচালনার যাত্রা শুরু হয় মালয়ালম ছবি যোধা দিয়ে।

৪৭

৮ বছর বয়সে কি-বোর্ডে নিজের প্রথম মৌলিক সুরটি তৈরি করেন রাহমান। তাঁর বাবা আর কে শেখর সেই সুরে এতই মুগ্ধ হন যে তা তিনি একটি ছবির আবহসংগীত হিসেবে ব্যবহার করেন।

৪৮

১১ বছর বয়সে রাহমান মালয়ালম সংগীত পরিচালক এম কে অর্জুনানের সহযোগী হিসেবে কাজ শুরু করেন।

৪৯

ত্রিনিটি কলেজ লন্ডন এ আর রাহমানকে ডক্টরেট উপাধি দেয়।

৫০

পূর্ব আফ্রিকার দেশ সিশেলস এ আর রাহমানকে দেশটির সাংস্কৃতিক দূত হিসেবে নিযুক্ত করেছে।

আদর রহমান, সূত্র: মিড ডে, ইন্ডিয়া টিভি, ইকোনমিক টাইমস, দেশি মার্টিনি, ফিল্মিবিট অবলম্বনে