রাহাত ফতেহ আলী খানের কনসার্ট স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের সুফি গানের জনপ্রিয়শিল্পী রাহাত ফতেহ আলী খানের আজ বৃহস্পতিবারের অনুষ্ঠেয় কনসার্ট স্থগিত করা হয়েছে। ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে আজ সন্ধ্যা ছয়টায় কনসার্ট শুরু হওয়ার কথা ছিল। কনসার্টে রাহাত ফতেহ আলী খানের টানা পাঁচ ঘণ্টা গান করার কথা ছিল বলে জানান আয়োজক প্রতিষ্ঠান মিররের স্বত্বাধিকারী শাহজাহান ভূঁইয়া। কিন্তু গতকাল মধ্যরাতে মুঠোফোনে তিনি জানান, রাজনৈতিক অস্থিরতা এবং নিরাপত্তাজনিত সমস্যার কারণে আজকের কনসার্ট করার সম্ভব হচ্ছে না। তাই এক দিন পিছিয়ে ২৪ তারিখ একই ভেন্যুতে অনুষ্ঠানটি করার কথা জানান তিনি। কিন্তু আজ বৃহস্পতিবার সকালে মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে আয়োজক কর্তৃপক্ষ মিরর জানায় ভিন্ন কথা। তারা বলে, ‘কনসার্টটি ২৪ তারিখ নয় একই ভেন্যুতে ২৬ তারিখে অনুষ্ঠিত হবে। ২২ তারিখের টিকিট দিয়েই দর্শকেরা আগামী ২৬ তারিখের অনুষ্ঠানটি উপভোগ করতে পারবেন। তবে যাঁরা টিকিট ফেরত দিয়ে টাকা সংগ্রহ করতে চান, তাঁরা মিররের ধানমন্ডি কার্যালয়ে যোগাযোগ করতে পারেন।’টিকিটের বিনিময়ে টাকা ফেরতের জন্য ল্যান্ডফোন এবং মুঠোফোন নম্বরেও যোগাযোগ করতে পারেন। যোগাযোগের ঠিকানা হচ্ছে ৯১৩৭০২৬, ৯১৩২৪৮৬ এবং ০১৭১৫০৬৮৮৭৮ (শাহজাহান ভূঁইয়া রাজু)।তবে ২৪ নাকি ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠানের আয়োজন করা হবে, তা নিয়ে কর্তৃপক্ষের দুই রকম বক্তব্যে কনসার্টের আয়োজন নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে।উল্লেখ্য, এ বছরের ফেব্রুয়ারি মাসে একই প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে বসুন্ধরা কনভেনশন সেন্টারে ‘গজল লিজেন্ড গুলাম আলী নাইট’ শিরোনামের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। কিন্তু দুর্ভাগ্য সংগীতানুরাগীদের। আয়োজকদের অব্যবস্থাপনার কারণে শুরুতেই গান থামাতে হয়ে তাঁকে। পণ্ড হয়ে যায় উপমহাদেশের প্রখ্যাত এই গজলশিল্পীর গানের আসর। পরে শ্রোতাদের কাছে দুঃখ প্রকাশ করে মঞ্চ ছাড়েন তিনি।