রাহুল আনন্দ ৫ প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটকের দল প্রাচ্যনাট এবার ১৫ বছর পার করল। এই পূর্তি উপলক্ষে জাতীয় নাট্যশালায় সম্প্রতি দুই দিনের ভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করে দলটি। আজকের পাঁচ প্রশ্নের উত্তর দিয়েছেন দলটির প্রতিষ্ঠাতা সদস্য রাহুল আনন্দ।১৫ বছর পূর্তি অনুষ্ঠানটি কেমন হলো?আসলে ১৫ বছর পূর্তি অনুষ্ঠানটি ছিল থিয়েটারের জীবন্ত ব্যবচ্ছেদ। এই অনুষ্ঠান এমনভাবে সাজানো হয়েছিল যে প্রাচ্যনাটের পুরো কাজের মধ্যে প্রধান ছিল দর্শক আনা। ১৫ বছরে আমাদের নাটকের একটা দর্শক তৈরি হয়েছে। তারা আমাদের নাটক নিয়মিতই দেখছে। কিন্তু আমাদের পেছনের কাজ দেখেনি। এবার আমরা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে পুরো থিয়েটার দেখানোর ব্যবস্থা করেছিলাম। সেদিক থেকে অনুষ্ঠান খুবই ভালো হয়েছে। আজকের জায়গায় এসে দলটি নিয়ে আপনার অনুভূতি কেমন?১৫ বছর আগে প্রাচ্যনাটের যাত্রার সময় চিন্তা করতাম ভালো থিয়েটার গড়ার। এই দীর্ঘ সময় পাড়ি দিয়ে এখনো গড়ার ভাবনা নিজের মধ্যে কাজ করছে। খুঁজে চলেছি ভালো থিয়েটার, ভালো থিয়েটারকর্মী তৈরির পন্থা।কোন ভাবনা নিয়ে প্রাচ্যনাট শুরু করেছিলেন?ভালো থিয়েটার করব, ভালো থিয়েটারকর্মী তৈরি করব—এমন ভাবনা ছিল প্রাচ্যনাট নিয়ে। বলা যায়, একধরনের জেদ ছিল, করবই। তা জন্মেছিল বিভিন্ন কারণে—না পাওয়া, না দেওয়া। আরণ্যক নাট্যদল থেকে বের হওয়ার কারণেই যে প্রাচ্যনাট গঠন, তা নয়। মূলত থিয়েটার করবই, এমনটিই ভাবনা ছিল।বরাবরই প্রাচ্যনাট আলাদা আঙ্গিক নিয়ে নাটক মঞ্চে আনে। কেন?সবচেয়ে সহজ যুক্তি হলো, ২০১২ সালে ঢাকার রাস্তাঘাট যেমন, ১৯৮০ সালে কি তেমনটি ছিল? নিশ্চয়ই না। সময় যখন যেমন, তেমনভাবেই কাজ করা। এখন জটিল সময় পার হচ্ছে। এই সময়ের প্রতিচ্ছবিই দর্শক দেখতে চাইবে। আমরা তা দেখানোর জন্যই সময় ধরে কাজ করি। তাই আমাদের নাটকগুলো ১০ বছর আগে করা হলেও এখনো সমসাময়িকভাবে দর্শকের সামনে উপস্থাপন করতে পারি।আপনি দলে একাধিক পথনাটকের নির্দেশনা দিয়েছেন। মূল মঞ্চনাটকের নির্দেশনা দিচ্ছেন না কেন?দেওয়ার ইচ্ছা তো আছেই। সঠিক সময়ে সঠিক কাজটি করতে চাই। শান্তিনিকেতনে একটা কর্মশালায় যোগ দিয়েছিলাম। আমার বিষয় ছিল রবীন্দ্রনাথের সাহিত্যকর্মের নাট্যায়ন। বিষয়টি নিয়ে শতরূপ নামে একটা পাণ্ডুলিপি তৈরি করেছি। এটি ওখানে বই আকারে বের হচ্ছে। পাণ্ডুলিপিটি আমাদের দলে জমা দিয়েছি। এখনো আলোচনা-পর্যালোচনা চলছে। আশা করছি, পাণ্ডুলিপি নিয়ে আমি দলে কাজ করব।