রাঢ়াঙের ১০০তম মঞ্চায়নের দিন
‘আপে কইওতে কইওতে চান্দু...’ কিংবা ‘চেতাং ডিসম হয় দাকেৎ লাতার বডে গাদা তেরেচ...’ গানগুলো সাঁওতালদের কোনো আন্দোলন, সংগ্রাম বা অধিকার লড়াইয়ের গান নয়, উৎসবের গান।জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার মিলনায়তনের বাইরে উৎসবের এমন আমেজ তৈরি হয়েছিল রাঢ়াঙ নাটকের শততম মঞ্চায়নকে ঘিরে। সাঁওতালপল্লি থেকে ছুটে আসা একদল সাঁওতাল মানুষের সাঁওতালি পোশাকে গানের সঙ্গে নাচের আমেজ যেন পুরো নাট্যশালায় ছড়িয়ে গেছে। বাদ্যের তালে তালে সাঁওতালি নাচের সঙ্গে নাট্যকর্মী, দর্শক যেন মেতেছে একই সুরে। একদিকে চলছে গান আর অন্যদিকে আলোর প্রজ্বলিত মশাল এক হাত থেকে আরেক হাতে ছুটে চলেছে। কখনো আদিবাসী, কখনো বাঙালি—আলোর মশালটি যেন এক হয়ে মিশে যাচ্ছে। এই আয়োজন তো শুধুই রাঢ়াঙকে ঘিরে। গত ২২ জানুয়ারি নাট্যশালার লবিতেই তেমন পরিবেশ গড়ে তুলতে ভুল করেননি আয়োজকেরা। তুমুল করতালি আর নৃত্যের মহোৎসবে দাঁড়িয়ে গভীর ধ্যানমগ্নভাবে অনুষ্ঠান দেখছেন নাটকটির লেখক, নির্দেশক মামুনুর রশীদ। তাঁর কথায় উঠে এল রাঢ়াঙ নাটকের মূল ভাবার্থ। তিনি বললেন, যে মশালটি হাতে হাতে এগিয়ে চলেছে, এটি চেতনাকে সবার মাঝে বিলিয়ে দেওয়ার প্রতীক। এই মশাল আদিবাসী-বাঙালি সংস্কৃতির সেতুবন্ধ।অনুষ্ঠান চারটায় শুরু হলেও আগেই দর্শক, নাট্যকর্মীতে লবি ভরে উঠেছিল। সন্ধ্যা ছয়টা। তখনো বাইরের আনন্দ উৎসব শেষ হয়নি। পাশাপাশি মিলনায়তনের ভেতরে মঞ্চে প্রস্তুতি চলছে রাঢ়াঙ নাটকের ঐতিহাসিক শততম মঞ্চায়নের। ‘জেগে ওঠো মাদলের শব্দে, যত দূরাগতই হোক’ আহ্বান নিয়ে আরণ্যক নাট্যদলের ৪০তম প্রযোজনা রাঢ়াঙ নাটকের শততম মঞ্চায়ন উপলক্ষে দুই দিনের নাট্যমঞ্চায়ন আয়োজন করা হয়। ২২ জানুয়ারি নাটকটির শততম আর ২৩ জানুয়ারি ১০১তম প্রদর্শনী হয়। শততম মঞ্চায়ন ঘিরে নাট্যশালায় দর্শকের ঢল নামে। দুই দিনের টিকিট আগেই শেষ হয়ে যায়। নাটকটি শুরুর আগে অনেক দর্শককে টিকিট না পেয়ে ফিরে যেতে দেখা গেছে। মামুনুর রশীদ বললেন, ‘আমাদের এই নাটক মূল মিলনায়তনে প্রদর্শন করা যায় না। বড় মিলনায়তনটিতে করতে পারলে দর্শকের চাহিদা মেটানো সম্ভব হতো। পরীক্ষণ থিয়েটার হলে মাত্র ৩০০ আসন, যা খুবই অপ্রতুল।’ তিনি জানালেন, রাঢ়াঙ নাটকের দর্শক বরাবরই ভালো। এটি শুধু ঢাকাতেই না, দেশের আদিবাসী অধ্যুষিত সব কটি জেলাতেই মঞ্চায়ন হয়েছে। দেশের বাইরে দক্ষিণ কোরিয়া, ভারতের এনএসডির উৎসব এবং কেরালার আন্তর্জাতিক নাট্যোৎসবে নাটকটি প্রদর্শিত হয়েছে।