রায়ের কপির জন্য অপেক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রেক্ষাগৃহগুলোয় ভারতীয় চলচ্চিত্র প্রদর্শনে কোনো বাধা নেই—এমনটাই দাবি করছেন চলচ্চিত্র প্রেক্ষাগৃহ মালিক সমিতির নেতারা। অন্যদিকে তথ্য মন্ত্রণালয় ও সেন্সর বোর্ডের কর্মকর্তারা বলছেন, ভারতীয় ছবি প্রদর্শনে কোনো বাধা নেই—এখনই তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।প্রেক্ষাগৃহ মালিক সমিতির নেতা ইফতেখার উদ্দীন নওশাদ বলেছেন, ‘গত ১২ আগস্ট হাইকোর্টের বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও শেখ মোহাম্মদ জাকির হোসেনের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ তিনটি ভারতীয় বাংলা চলচ্চিত্রকে বাংলাদেশে আমদানির অনুমতি দিতে এবং সেন্সর বোর্ডকে তা দেখার জন্য নির্দেশ দিয়েছেন। ছবি তিনটি হলো বদলা, সংগ্রাম ও জৌর। এখন আমরা রায়ের অনুলিপির জন্য অপেক্ষা করছি। রায়ের কপি হাতে পেলেই সেন্সর বোর্ড ও তথ্য মন্ত্রণালয়কে ছবি আমদানির অনুমতিপত্র দিতে হবে এবং সেন্সর বোর্ড ছবির ছাড়পত্র দেবে। সেই সঙ্গে একই এলসিতে যে ছবিগুলো আনার কথা ছিল, সেগুলোও অনাপত্তি পাবে।’তথ্য মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, আদালতের রায়ের ব্যাপারে এ মুহূর্তে কোনো মন্তব্য করা ঠিক হবে না। রায়ের কাগজ হাতে পাওয়ার পর বিষয়টির ব্যাপারে আইন মন্ত্রণালয়ের মতামত চাওয়া হবে। এরপর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।জানা গেছে, ২০১০ সালের ২১ জানুয়ারি প্রণীত বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি নীতিমালা অনুযায়ী সাবটাইটেল করে উপমহাদেশের ছবি বাংলাদেশে আমদানি করা যাবে। এরপর চলচ্চিত্রশিল্পের সঙ্গে জড়িত ব্যক্তিদের আন্দোলনের মুখে সরকার ভারতীয় ছবি আমদানি নিষিদ্ধ করে। গত ১৭ জুন আবার নতুন করে আমদানি নীতিমালা প্রণয়ন করা হয়। এতে উপমহাদেশের ছবি দেশে আমদানির বিষয়টি আবারও নিষিদ্ধ করা হয়।তবে এর আগেই প্রদর্শকেরা ভারতীয় তিনটি চলচ্চিত্র দেশে নিয়ে আসেন। কিন্তু বিমানবন্দর কর্তৃপক্ষ সেন্সর বোর্ডের অনাপত্তিপত্র (নো অবজেকশন সার্টিফিকেট) ছাড়া ছবি তিনটির ছাড়পত্র দিতে অস্বীকৃতি জানায়। সেন্সর বোর্ডও ভারতীয় ছবির আমদানিকারকদের অনাপত্তিপত্র দিতে রাজি হয়নি। এ কারণে প্রদর্শকেরা উচ্চ আদালতে রিট করেন।