রিংকুর নতুন প্রজেক্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্লোজআপ ওয়ান তারকা মশিউর রহমান রিংকু ও তাঁর কয়েকজন বন্ধু মিলে সম্প্রতি চালু করেছেন সম্পর্ক নামে একটি প্রতিষ্ঠান। সম্পর্ক থেকে মূলত ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করা হবে বলে জানিয়েছেন রিংকু। প্রতিষ্ঠানটি থেকে এরই মধ্যে নির্মিত হয়েছে একটি ঈদের নাটক। নাটকটি এবারের ঈদে যেকোনো একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচারের সম্ভাবনা রয়েছে। রিংকুর প্রতিষ্ঠানটি থেকে নতুন একটি প্রজেক্ট হাতে নেওয়া হচ্ছে। খুব শিগগিরই সম্পর্ক-এর উদ্যোগে একটি লোকসংগীত শিক্ষন কেন্দ্রও স্থাপন করা হবে। এর জন্য সব ধরনের প্রস্তুতিও সম্পন্ন হয়েছে।হঠাত্ করে এ ধরনের উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে রিংকু বলেন, আসলে প্রতিষ্ঠান চালুর সময় থেকেই এমন একটা মহত্ উদ্দেশ্য আমাদের মধ্যে কাজ করেছিল। আসলে আমরা দেশের লোকসংগীত আরও ব্যাপকভাবে মানুষের মধ্যে পৌঁছে দিতে এই উদ্যোগ নিয়েছি। এখানে আমাদের দেশের লোকসংগীতের প্রথিতযশা শিল্পীরা প্রশিক্ষণ দেবেন। এরই মধ্যে প্রতিথযশা অনেক লোকসংগীত শিল্পীর সঙ্গে আমাদের আলোচনা চূড়ান্ত হয়েছে। এ ছাড়া এবারের ঈদে গাঙচিলের ব্যানারে রিংকুর পঞ্চম একক অ্যালবাম ফকির লালন বলে বাজারে এসেছে। অ্যালবামটিতে রিংকু লালনের কম প্রচলিত কিছু গান শ্রোতাদের জন্য তুলে এনেছেন। সুমন কল্যাণের সংগীতায়োজনে অ্যালবামটির গানের কথাগুলো হচ্ছে ‘গুরুর দয়া’, ‘গুরু কার্য মাথায় রেখে’, ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’, ‘লণ্ঠনে রূপের বাতি’, ‘এলাহি আলামিন আল্লাহ’, ‘ফের ফলতর ফকিরিতে’ এবং ‘নবীর ডংকা বাজে’। শ্রোতাদের জন্য বাড়তি হিসেবে থাকছে লালনের একটি ইনস্ট্রুমেন্টাল।