রিংকুর ‘ফকির লালন বলে’
‘আমরা সাধারণত লালনের ২০০ গানের মধ্যেই সীমাবদ্ধ রয়েছি। এ থেকে এখনো বের হয়ে আসতে পারিনি। আমার এই অ্যালবামে লালনের কম প্রচলিত গানগুলোকে শ্রোতাদের সামনে তুলে ধরতে চেয়েছি। বিশেষ করে আখড়ার গানগুলোকেই তুলে ধরার চেষ্টা করেছি। জানি না কতটা সফল হতে পেরেছি।’ বলছিলেন ক্লোজআপ ওয়ান তারকা মশিউর রহমান রিংকু। আগামী ঈদ উপলক্ষে অ্যালবামটি বাজারে আসার কথা রয়েছে। সুমন কল্যাণের সংগীতায়োজনে অ্যালবামটির নাম রাখা হয়েছে ফকির লালন বলে। অ্যালবামে মোট গান থাকবে আটটি। এর মধ্যে বাড়তি হিসেবে থাকবে লালনের একটি ইনস্ট্রুমেন্টাল। অ্যালবামের গানগুলো হচ্ছে, ‘গুরুর দয়া’, ‘গুরু কার্য মাথায় রেখে’, ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’, ‘লণ্ঠনে রূপের বাতি’, ‘এলাহি আলামিন আল্লাহ’, ‘ফের ফলতর ফকিরিতে’ এবং ‘নবীর ডংকা বাজে’। অ্যালবামটি সম্পর্কে রিংকু আরও বলেন, ‘আমার দীর্ঘদিনের ইচ্ছা ছিল, লালনের কম প্রচলিত গানগুলো নিয়ে একটি অ্যালবাম করব। অবশেষে সেটা সম্ভব হয়েছে। সাধারণত আখড়ায় আমরা যে গানগলো শুনে থাকি সেগুলোই প্রাধান্য পেয়েছে এতে। আমি চেষ্টা করেছি গানগুলোতে আখড়ার পুরো আবহটা ধরে রাখতে। আশা করছি, এই অ্যালবামের মাধ্যমে শ্রোতারা লালনের বেশ কিছু নতুন গানের সঙ্গে পরিচিত হতে পারবে।’ ফকির লালন বলে ছাড়াও রিংকু বর্তমানে আগামী কোরবানির ঈদের অ্যালবামের কাজের প্রস্তুতি নিচ্ছেন।