রিকশায় করে নায়ক নায়িকার প্রচারাভিযান


রিকশার দুই পাশে ছবির পোস্টার লাগানো বোর্ড। ওপরে বাঁধা মাইকে গান বাজছে। সেই রিকশায় যাত্রী হয়েছেন আসিফ নূর ও আইরিন। সঙ্গে একই রঙে সাজানো আরও বেশ কিছু রিকশা, ভ্যানগাড়ি, প্রাইভেট কার। ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে নিউমার্কেটের দিকে যখন রিকশাগুলো যাচ্ছিল, তখন পথচারীরা কিছুক্ষণের জন্য হলেও থমকে দাঁড়ান। নায়ক-নায়িকা রিকশা থেকে রাস্তায় নেমে ছবি মুক্তির খবর দেন থেমে যাওয়া পথচারীদের। টি-শার্ট ও লিফলেটও তুলে দেন তাঁদের হাতে।
এই ভিন্ন ধরনের প্রচারাভিযান হয় এক পৃথিবী প্রেম ছবির জন্য। আজ ২৩ ডিসেম্বর দেশজুড়ে মুক্তি পাচ্ছে ছবিটি। তাই অভিনব কায়দায় দর্শকদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে ছবির পুরো দল।
ছবির পরিচালক এস এ হক অলিক বলেন, গত বুধবার বেলা ১১টায় কাকরাইল থেকে তিন দলে বিভক্ত হয়ে প্রচার শুরু হয়। একটি দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি হয়ে বলাকা সিনেমা হল এলাকায় দুপুর পর্যন্ত প্রচারণা চালায়। বিকেলে এফডিসিতে এসে শেষ হয় এই প্রচারাভিযান। অন্য দুটি দল ধানমন্ডি, শ্যামলী, মিরপুর ও উত্তরা এলাকায় প্রচারণা চালায়।
এ ধরনের প্রচারণা নিয়ে ছবির নায়ক আসিফের সঙ্গে কথা হয়। তিনি তখন রিকশায় বলাকা সিনেমা হলের সামনে। আসিফ বলেন, ‘আমাদের সিনেমার সোনালি সময়ে এভাবেই রিকশা, ভ্যানগাড়িতে মাইক দিয়ে ছবির প্রচার চলত। সেই জিনিসটাই অনুসরণ করছি আমরা। পুরোনো সেই দিনের কথা মনে করে হলেও ছবিটি দেখতে দর্শক হলে যাবেন।’
আজ শুক্রবারও ঢাকার বিভিন্ন অঞ্চলে একইভাবে রিকশায় চড়ে প্রচারণা চলবেন বলে জানান ছবির পরিচালক।