রিদম অব লাইফের প্রথম গান রেডিওতে
শাফিন আহমেদ নতুন ব্যান্ড গড়েছেন জানুয়ারিতে। এরই মধ্যে রিদম অব লাইফ নামের ব্যান্ডটি মঞ্চে নিয়মিত গান করছে। তবে নিজেদের নয়, শাফিনের কণ্ঠে জনপ্রিয় হওয়া গানগুলো। ব্যান্ডের গানও তৈরি হচ্ছে। শাফিন জানালেন, চারটি গান পুরোপুরি শেষ। এর মধ্য থেকে একটি গান আজ রেডিওতে মুক্তি দেওয়া হচ্ছে। গানটির শিরোনাম ‘নাচো বাংলাদেশ’। আজ থেকে রেডিও টুডেতে বিভিন্ন সময় গানটি শোনানো হবে।ব্যান্ডের প্রথম গান আজ সবাই শুনতে পাবে, তাই শাফিন বেশ খুশি। বললেন, ‘আমি খুব আনন্দিত। আর গানটাও ভালো হয়েছে। শুধু নববর্ষ নয়, বাংলাদেশের যেকোনো উৎসবের সঙ্গে গানটি পুরোপুরি মিশে যাবে।’জানালেন, গানটি ফেসবুকের মাধ্যমে প্রচার করা হবে। তা ছাড়া সংগীতসংশ্লিষ্ট ওয়েবসাইটেও গানটি দেওয়া হবে।এটি লিখেছেন জামিউর রহমান আর সুর করেছেন শাফিন নিজেই।গানটি ধারণ করা হয়েছে শাফিনের নিজস্ব স্টুডিওতে। শাফিন জানান, ব্যান্ডের নামেই হবে অ্যালবামের নাম রিদম অব লাইফ।