রিনাকে আজও ভালোবাসেন আমির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমির খান-রিনা দত্ত
আমির খান-রিনা দত্ত

সাবেক স্ত্রী রিনা দত্তের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলেছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’ তারকা আমির খান। শুধু তাই নয়, আজও রিনাকে প্রচণ্ড ভালোবাসেন এবং তাঁকে পরিবারের সদস্য বলেই ভাবেন বলিউডের প্রভাবশালী এ তারকা অভিনেতা। সম্প্রতি আমির খান নিজেই এসব কথা জানিয়েছেন।
১৯৮৬ সালে রিনার সঙ্গে বিয়ে হয়েছিল আমিরের। তাঁদের দুই সন্তান জুনায়েদ খান ও ইরা। ১৫ বছর ঘর-সংসার করার পর ২০০২ সালে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে বিচ্ছেদের কাগজে সই করেন আমির ও রিনা। বিচ্ছেদ হয়ে গেলেও বন্ধুত্বের বন্ধন ধরে রেখেছেন তাঁরা। এখনও আমিরের পারিবারিক বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন রিনা।
সম্প্রতি রিনা সম্পর্কে আমির মন্তব্য করেছেন, ‘রিনা আমার পরিবারেরই একজন। চিরকাল সে আমার পরিবারের অংশ হয়েই থাকবে। আমার জীবনে তাঁর গুরুত্ব অনেক বেশি। আমারদের সম্পর্কের সংজ্ঞা বদলে গেছে। আইনের দৃষ্টিতে আমাদের বিচ্ছেদ হয়ে গেছে। কিন্তু আমি মনে করি, আজও আমাদের মাঝে যে শক্ত বন্ধন রয়ে গেছে তা ভাঙার শক্তি এক টুকরো কাগজের নেই। আজও আমার হূদয়ে রিনার জন্য অনেক ভালোবাসা ও শ্রদ্ধা জমা হয়ে আছে।’ এক খবরে জানিয়েছে পিটিআই।
আমিরের প্রথম সন্তান জুনায়েদ খানও চলচ্চিত্র জগতের সঙ্গে জড়িয়েছেন। বর্তমানে ‘পিকে’ ছবিতে রাজকুমার হিরানির সহকারী পরিচালক হিসেবে কাজ করছেন জুনায়েদ। ছবিটির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন আমির।

ছেলে জুনায়েদ সম্পর্কে আমিরের ভাষ্য, ‘জুনায়েদের ইচ্ছে থাকলে অবশ্যই তার অভিনয় করা উচিত। জীবনে আসলে কি করতে চায় সেই লক্ষ্য এখন পর্যন্ত স্থির করতে পারেনি জুনায়েদ। সে মনস্থির করলে এবং ভালো চিত্রনাট্য আমাদের হাতে এলে তাঁকে অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে সব রকম সহযোগিতাই আমি করব। আর এমনটা করতে পারলে অনেক বেশি ভালো লাগবে আমার।’
বলিউডের অন্যতম সফল তারকা হিসেবে নিজেকে প্রমাণের পাশাপাশি ব্যক্তি জীবনেও সফলতা পেয়েছেন ৪৮ বছর বয়সী এ তারকা অভিনেতা। তারপরও জীবন নিয়ে সব সময় অনিশ্চয়তায় ভোগেন বলেই জানিয়েছেন আমির। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘খুঁটিনাটি অনেক বিষয় নিয়েই অনিশ্চয়তা কাজ করে আমার ভেতর। ব্যক্তিজীবনের নিরাপত্তা নিয়ে অযথা দুশ্চিন্তা করার বাতিকও আছে আমার। এজন্য পরিবারের সদস্যরা আমাকে ‘‘ক্যাপ্টেন কশন’’ বলে খেপায়।’
আমির আরও বলেন, ‘ভালোবাসার মানুষদের হারানোর ভয়টাই সবচেয়ে বেশি কাজ করে আমার ভেতর। পেশাজীবন নিয়েও শঙ্কিত থাকি আমি। কেবলই মনে হয়, জীবনের একটা পর্যায়ে পৌঁছে আমার হাতে আর কোনো কাজ থাকবে না। আমার সৃষ্টিশীলতাকে হারিয়ে ফেলব আমি। আর আমিই হব শেষ ব্যক্তি যে নিজের সৃষ্টিশীলতা হারানোর বিষয়টিকে ধরতে পারব। এজন্য আমার কাজের সমালোচনাকে খুবই গুরুত্বের সঙ্গে গ্রহণ করি আমি। আমার কাজ নিয়ে কেউ সমালোচনা করলে আমি মোটেও হেসে উড়িয়ে দিই না। সমালোচনাকে অনেক বেশি মূল্য দিই আমি।’
তারকাখ্যাতি হারানোর ভয় কাজ করে কি না জানতে চাইলে আমির বলেন, ‘না, বিষয়টি নিয়ে কোনো রকম ভয় কাজ করে না আমার ভেতর। কারণ আমি নিশ্চিত, একদিন অবশ্যই তা ঘটবে। এজন্য তারকাখ্যাতি হারানোর শঙ্কা আমার নেই। সত্যি বলতে কি, তারকাখ্যাতি নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই।’