রিপারটরির মঞ্চ অভিষেক
নাটকের পত্রিকা থিয়েটারওয়ালা ‘থিয়েটারওয়ালা রিপারটরি’ নামে নাটকের দল হিসেবে আত্মপ্রকাশ করছে এ মাসেই। প্রথম প্রযোজনা হিসেবে মঞ্চে আনছে শাইলক অ্যান্ড সিকোফ্যান্টস। শাহযাদ ফিরদাউসের উপন্যাস থেকে অনুপ্রাণিত হয়ে নাটকটি রচনা করেছেন হাসান শাহরিয়ার আর নির্দেশনা দিচ্ছেন আজাদ আবুল কালাম। ঢাকার বিভিন্ন দলের কর্মীরা নাটকটিতে অভিনয় করছেন। গত ২৫ জানুয়ারি থেকে নিয়মিতই মহড়া চলছে নাটকটির। ২৮ ফেব্রুয়ারি শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার হলে নাটকটির একটি কারিগরি মঞ্চায়ন হয়েছে। দলের প্রধান হাসান শাহরিয়ার জানান, এ মাসের মাঝামাঝি নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হবে। উদ্বোধনী থেকে শুরু করে টানা তিন দিন এর প্রদর্শনী চলবে। প্রতিদিন দুটি করে প্রদর্শনী হবে। মোট ছয়টি প্রদর্শনী টানা চলবে। প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টা ও রাত আটটায় নাটকটির প্রদর্শনী হবে। রিপারটরি থিয়েটারের প্রথম প্রযোজনা প্রসঙ্গে হাসান শাহরিয়ার বলেন, এখানে যাঁরা অভিনয় করছেন, তাঁরা প্রতিটি প্রদর্শনী থেকে কিছু কিছু অর্থ পাবেন। টানা ছয়টি প্রদর্শনী প্রসঙ্গে তিনি বলেন, ‘এখানে মিলনায়তনের সমস্যা আছে, আছে বাজেটের সমস্যা। তাই একবারে মিলনায়তন ভাড়া নিয়ে একই বাজেটে প্রতিদিন দুটি করে প্রদর্শনী করছি। এতে খরচটা কম হচ্ছে।’ তিনি আরও বলেন, আগামী ছয় মাসে ৩০টি প্রদর্শনী করার লক্ষ্য আছে। রিপারটরি থিয়েটার নিয়ে নিজের আশাবাদের কথা জানিয়ে তিনি বলেন, এভাবে সফল হতে পারলে ঢাকার মঞ্চে অনেকেই এগিয়ে আসবে। বিভিন্ন নাটকের দল বেঁচে থাকবে, কিন্তু যাঁরা বেশি বেশি কাজ করতে চান, মঞ্চে থাকতে চান, তাঁরা মূল দলের বাইরে থেকে পাশাপাশি রিপারটরি করে বেশি বেশি মঞ্চে থাকতে পারবেন। কত দিন নাটকটি মঞ্চে থাকবে—এ প্রসঙ্গে তিনি বলেন, ‘টানা ছয় মাস করব। তারপর আবার নতুন নাটক ধরব। নতুন নাটকের কাজের ফাঁকে ফাঁকে নাটকটি নিয়ে মঞ্চে কাজ করব।’নাটকটিতে অভিনয় করছেন আলী মাহমুদ, হাসান শাহরিয়ার, তৌফিকুল ইসলাম, ঋতু সাত্তার ও আজাদ আবুল কালাম।