নতুন করে তৈরি হচ্ছে ছবিটি। পুরোনো কাহিনি হলেও একটু নতুনের রং মিশিয়ে মোটামুটি নতুন। পুরোনো বলতে শুধু আছে ফ্লেভারটা। তবে ভয় থাকে, বেশি ঝাঁকাঝাঁকিতে যেন তেতো হয়ে না যায়। রিমেক ছবি তৈরির ফর্মুলাটা আসলে এ রকম। তবে রিমেক ছবির প্রতি আলাদা আকর্ষণ থাকে চলচ্চিত্রপ্রেমীদের। একটু দেখার সেই আকর্ষণকে কাজে লাগিয়েই নির্মাতারা রিমেক বানিয়ে পুরোনো কোনো ছবি নতুন রূপে ফিরিয়ে আনেন রুপালি পর্দায়। গেল সপ্তাহে হলিউডে মুক্তি পেয়েছে বছরের প্রথম রিমেক ছবি ইভিল ডেড। সিক্যুয়াল প্রিক্যুয়াল রি-রিলিজসহ বেশ কিছু নতুন ছবির ভিড়েও এই রিমেক হরর ছবিটি ইতিমধ্যে হলিউড বক্স অফিসের শীর্ষ অবস্থানে চলে এসেছে। এটি আশির দশকের ক্ল্যাসিক হরর ছবি দি ইভিল ডেড-এর রিমেক ছবি।মীয়া এক মাদকাসক্ত তরুণী। অবশ্য মাদক ছাড়তে এখন সে আগ্রহী। মীয়া যেন মাদকের সংস্পর্শে না আসতে পারে, সে জন্য মীয়াকে নিয়ে তার তিন বন্ধু এরিক, অলিভিয়া, ন্যাটালি ও মিয়ার ভাই ডেভিড এক বনের কেবিনে এসে উপস্থিত হয়। সেই কেবিনে হঠাৎ মরে থাকা প্রাণীর পঁচা গন্ধ পেয়ে খুঁজতে খুঁজতে তারা একটি গোপন তল-কুঠরির সন্ধান পায়। সেখানে তারা একটি অদ্ভুত পুরোনো বই দেখতে পায়। সবাই বারণ করলেও এরিক সেই বইটি পড়তে শুরু করে এবং কয়েক পৃষ্ঠা পড়ার পর সে অজান্তেই এক অশুভ মন্ত্র পড়ে ফেলে। আর এতেই এক অশুভ আত্মা মুক্ত হয়ে যায়। এরপর মীয়া এক ফিকে বর্ণের হলুদ চোখের মেয়েকে দেখতে পেয়ে অন্যদের জানালেও সে মাদকাসক্ত ছিল বলে কেউ তাকে বিশ্বাস করতে চায় না। মীয়া আতঙ্কিত হয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করলে অশুভ আত্মাটি তার ওপরেই ভর করে। মীয়াকে দিয়েই সেই অশুভ আত্মাটি অন্যদের ওপর আক্রমণ শুরু করে। মেতে ওঠে হত্যাযজ্ঞের খেলায়। শেষ পর্যন্ত তারা কি প্রাণ নিয়ে সেখান থেকে ফিরতে পারবে?ছবির গল্পে তেমন কোনো পরিবর্তন না থাকলেও নতুন এই ছবিতে নতুনত্বের ছোঁয়া থাকছে গল্পের চরিত্র, উপাদান আর সংলাপে। এবার পরিচালনায় নেই মূল ছবিটির পরিচালক স্যাম রাইমি। তিনি এবার হয়েছেন ছবির প্রযোজক আর পরিচালনার দায়িত্বভার দিয়েছেন নবীন পরিচালক ফেডে আলভ্যারেজের হাতে। স্যাম রাইমি নতুন ছবির পরিচালক ফেডে আলভ্যারেজকে সঙ্গে নিয়েই যৌথভাবে ইভিল ডেড ছবির কাহিনি ও চরিত্রগুলো নতুনভাবে আধুনিক সময়ের উপযোগী করে সাজিয়েছেন। আলভ্যারেজ প্যানিক অ্যাটাকসহ বেশ কয়েকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনা করলেও ইভিল ডেড তাঁর জন্য প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। হেভিওয়েট কোনো তারকার উপস্থিতি ছাড়াই ছবিটিতে যখন প্রত্যাশার চেয়ে প্রাপ্তির পরিমাণটা বেশি, তখন বলা যায় প্রথম ছবিতেই সফল হয়েছেন উরুগুয়ের এই পরিচালক। তবে বৃহস্পতি এখন তুঙ্গে স্পাইডারম্যানখ্যাত পরিচালক স্যাম রাইমির। রাইমি পরিচালিত ও প্রযোজিত দুটি ছবিই বক্স অফিস টপচার্টের শীর্ষে উঠল। এর আগে রাইমি পরিচালিত ওজ দ্য গ্রেট অ্যান্ড পাওয়ারফুল ছবিটি দুই সপ্তাহ ধরে হলিউড বক্স অফিসে শীর্ষে ছিল। ইভিল ডেড রিমেকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জেইন লেভি, লু টেইলর, জেসিকা লুকাস, শিলো ফার্নান্দেজ, এলিজাবেথ ব্ল্যাকমোর প্রমুখ।এ বছর আরও বেশ কয়েকটি রিমেক ছবি আসছে হলিউড বক্স অফিসে। এর মধ্যে সামনের মাসেই আসছে প্রখ্যাত হলিউড নির্মাতা বাজ লুহারম্যানের ছবি দ্য গ্রেট গ্যাটসবি। মার্কিন লেখক এফ স্কট ফিজজেরাল্ড রচিত একই নামের উপন্যাসের কাহিনি নিয়ে এ ছবির প্রেক্ষাপট গড়ে উঠেছে। এ ছবির মাধ্যমে হলিউডের কোনো ছবিতে প্রথমবারের মতো অভিনয় করলেন অমিতাভ বচ্চন। বিগ বি ছাড়াও আরও রয়েছেন টাইটানিকখ্যাত হলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও এবং টবে ম্যাকগুয়ার, চেরি মুলগান, জেসন ক্লার্ক, অ্যাডেলেইড ক্লামনস প্রমুখ। এ ছাড়া এ বছরে মুক্তির অপেক্ষায় আরও রয়েছে লন রেনজার, ক্যারি, ওল্ড বয়, দ্য ডেলিভারি ম্যান, দ্য সিক্রেট লাইফ অব ওয়াল্টার মিটি ইত্যাদি ছবি। সাজিদুল হকহলিউড রিপোর্টার ও এলএ টাইমস অবলম্বনে