রিয়েলিটি শো নিয়ে ব্যস্ত পার্থ বড়ুয়া
এনটিভির রিয়েলিটি শো ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ নিয়ে এখন দারুণ ব্যস্ত সংগীতশিল্পী ও অভিনয়শিল্পী পার্থ বড়ুয়া। রিয়েলিটি শোর জন্য নাটকে অভিনয় ও স্টেজ শো থেকেও দূরে সরে আছেন তিনি। বৃহস্পতিবার রাতে পার্থ বড়ুয়ার মগবাজারের স্টুডিওতে আলাপকালে এমনটাই জানিয়েছেন তিনি।নাটকে অভিনয় প্রসঙ্গে পার্থ বলেন, ‘প্রস্তাব পেলেও গত বছরের আগস্ট থেকে এখন পর্যন্ত কোনো নাটকেরই শুটিং করিনি। আগস্টের আগেও যে আমি খুব বেশি নাটকে অভিনয় করেছি, তা-ও কিন্তু নয়। তবে গানের ফাঁকে যেসব নাটকে অভিনয় করেছি, তার সব কটিই দর্শকের নজর কেড়েছে।’গত বছরের আগস্ট মাস থেকে পার্থ বড়ুয়া রাতদিন ক্লোজআপ ওয়ান প্রতিযোগীদের নিয়ে ব্যস্ত আছেন। বললেন, ‘বলা যায়, শুরু থেকেই এই প্রতিযোগিতার সঙ্গে জড়িত আমি, বরাবরই ওদের জন্য কিছু করার চেষ্টা করেছি। জানি না কতটা পেরেছি। তবে তরুণদের নিয়ে আমার চেষ্টা অব্যাহত থাকবে।’ ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতার এখন চলছে সেরা দশের লড়াই। যতই প্রতিযোগীর সংখ্যা কমে আসছে, পার্থ বড়ুয়া যেন ততই ব্যস্ত হয়ে উঠছেন। সবাইকে নিজের মতো করে হাতে-কলমে গান শেখানোর কাজও করছেন বলা যায়। পার্থ বলেন, ‘তরুণদের নিয়ে কোনো কিছু করাটা আমি বরাবরই নিজের উত্সাহে করে থাকি। আমার ভালো লাগে ওদের শেখাতে।’ এদিকে, রিয়েলিটি শোর কাজের ফাঁকে একটি বিজ্ঞাপনের জিঙ্গেল তৈরির কাজও করছেন বলে জানান পার্থ। বেশ কদিন ধরে শোনা যাচ্ছিল, এপ্রিলে পার্থ বড়ুয়া ও তাঁর ব্যান্ড সোলস চলচ্চিত্রে কাজ করবে। ছবির প্রসঙ্গে জানতে চাইলে পার্থ বলেন, ‘আপাতত কোনো চিন্তা-ভাবনা আমার মধ্যে কাজ করছে না। এখন শুধুই ক্লোজআপ প্রতিযোগিতা নিয়ে আমার যত ভাবনা। এটি শেষ করে তারপর নতুন পরিকল্পনা করব।’