রিহ্যাব ছাড়ার হুমকি দিলেন লিন্ডসে
পুলিশের সঙ্গে মিথ্যাচারের অভিযোগে গত মার্চ মাসে বিভিন্ন ধরনের সাজার পাশাপাশি টানা তিন মাস সার্বক্ষণিকভাবে রিহ্যাবে কাটাতে বলা হয়েছিল অঘটনঘটনপটীয়সী তারকা লিন্ডসে লোহানকে। কোনো কারণেই লিন্ডসে রিহ্যাব ছেড়ে যেতে পারবেন না বলেও হুঁশিয়ার করেছিলেন বিচারক জেমস ডেবনি। কিন্তু সম্প্রতি রিহ্যাব ছাড়ার হুমকি দিয়েছেন লিন্ডসে। গত বছরের জুনে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে অল্পের জন্য প্রাণে বেঁচেছিলেন লিন্ডসে লোহান। পরে পুলিশের কাছে মিথ্যা তথ্য দেওয়ায় মামলার জালে জড়ান তিনি। ওই মামলার রায়ে গত মার্চে তাঁকে পাঁচ দিনের কারাদণ্ডসহ তিন মাস রিহ্যাবে অবস্থান করা, এক মাস কমিউনিটি সার্ভিস দেওয়া এবং দেড় বছর মানসিক চিকিত্সা নেওয়ার আদেশ দেন লস অ্যাঞ্জেলেস আদালত। বর্তমানে ক্যালিফোর্নিয়ার বেটিফোর্ড মাদকাসক্তি পুনর্বাসনকেন্দ্রে অনেকটা বন্দিজীবনই কাটাতে হচ্ছে ‘মিন গার্লস’খ্যাত বিতর্কিত এ তারকাকে। সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে টিএমজি। ২৬ বছর বয়সী এ অভিনেত্রী দাবি করেছেন, অ্যাটেনশন ডেফিসিট হাইপারঅ্যাক্টিভিটি ডিজঅর্ডার রোগে ভুগছেন বলে অ্যাডেরাল ওষুধ সেবন করাটা খুবই জরুরি তাঁর জন্য। কিন্তু অ্যামফিটামিনযুক্ত স্নায়ু-উদ্দীপক এ ওষুধ তাঁকে সেবন করতে দিচ্ছেন না বেটিফোর্ড ক্লিনিকের চিকিত্সকেরা। মূলত, এ কারণেই সম্প্রতি বেটিফোর্ড ক্লিনিক ছাড়ার হুমকি দিয়েছেন লিন্ডসে। বেটিফোর্ডের পরিবর্তে অন্য কোনো মাদকাসক্তি পুনর্বাসনকেন্দ্রে তাঁকে স্থানান্তরের ব্যবস্থা করতে বলেছেন হলিউডের এ ‘প্রবলেম সেলিব্রেটি’।