রিয়াজ এখন বাসায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিয়াজ
রিয়াজ

পাঁচ দিন হাসপাতালে থাকার পর গত শনিবার সন্ধ্যায় বাসায় ফিরেছেন চিত্রনায়ক রিয়াজ। প্রথম আলোকে তাঁর বাসায় ফেরার বিষয়টি নিশ্চিত করেছে এই অভিনেতার একটি পারিবারিক সূত্র।
রিয়াজের শারীরিক অবস্থা নিয়ে তাঁর চিকিৎসক শাহাবুদ্দীন তালুকদার বলেছেন, ‘রিয়াজের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তাই তাঁকে বাসায় নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। তিনি পুরোপুরি শঙ্কামুক্ত হলেও তাঁকে ছয় মাস পূর্ণ বিশ্রামে থাকতে হবে। এখন থেকে তাঁকে অনেক নিয়ম মেনে চলতে হবে।’
গত সোমবার রাত সাড়ে আটটার দিকে উত্তরার হৈচৈ শুটিংবাড়িতে কৃষ্ণপক্ষ চলচ্চিত্রের কাজ করার সময় হৃদ্রোগে আক্রান্ত হন রিয়াজ। সে সময় তাঁকে দ্রুত উত্তরার একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রিয়াজকে পরে নিয়ে যাওয়া হয় অ্যাপোলো হাসপাতালে। এরপর দ্রুত প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে চিকিৎসাসেবা দেওয়া হয়। রিয়াজের হৃৎপিণ্ডে একটি রিং (স্টেন্ট) পরানো হয়েছে।