রিয়াজ বলছেন 'জিম্মি', জাজ বলছে 'না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিয়াজ
রিয়াজ

ঢাকাই চলচ্চিত্র একটি প্রতিষ্ঠানের কাছে জিম্মি হয়ে পড়েছে বলে সম্প্রতি সরাসরি অভিযোগ করছেন নায়ক রিয়াজ। অভিযোগের তির যে প্রতিষ্ঠানের দিকে সেই জাজ মিল্টিমিডিয়ার সিইও আবদুল আজিজ পাল্টা প্রশ্ন করেছেন—‘হল আমাদের কাছে জিম্মি হতে যাবে কেন?’
রিয়াজ বলেন, ‘বর্তমান সময়ে ঢাকাই চলচ্চিত্র জাজ মাল্টিমিডিয়া নামের একটি প্রতিষ্ঠানের কাছে জিম্মি। এই প্রতিষ্ঠান দেশের সব সিনেমা হলের মালিক বনে গেছে! বর্তমানে কেউ যদি কোনো সিনেমা বানান প্রতিষ্ঠানটির কাছে ধরনা দিতে হয়। কারণ প্রতিষ্ঠানটি এককভাবে দেশের বেশির ভাগ সিনেমা হলের প্রযুক্তিগত সুবিধা নিয়ন্ত্রণ করছে। ডিজিটাল প্রযুক্তির ছবি হলে প্রদর্শনের সব ধরনের মেশিন তাদের রয়েছে। তাই প্রতিষ্ঠানটি নিজেদের ক্ষমতাধর মনে করছে!’
বিষয়টি অস্বীকার করে আবদুল আজিজ বলেন, ‘এটা ঠিক যে আমরা ছবি প্রদর্শনের জন্য দেশের বিভিন্ন হলে প্রজেকশন সিস্টেম বসিয়েছি। এ বাবদ যা খরচ হয় আমরা শুধু তাই নিয়ে থাকি। এটা চাইলে অন্য যে কেউ বসাতে পারেন। প্রজেকশন সিস্টেম বসানো মানে তো আর হল নিয়ন্ত্রণ করা নয়। ব্যবসায়ী হিসেবে আমি আমার কাজ করছি।’
রিয়াজ বলেন, জাজ মাল্টিমিডিয়ার মতো একটি প্রতিষ্ঠান যদি সব হল নিয়ন্ত্রণ করে রাখে তাহলে চলচ্চিত্র ইন্ডাস্ট্রি হিসেবে কোনো দিন দাঁড়াবে না। এককভাবে কোনো কিছুই চলচ্চিত্রশিল্পের জন্য ভালো না। জাজ মাল্টিমিডিয়া এককভাবে সব হল নিয়ন্ত্রণ করছে, চলচ্চিত্রসংশ্লিষ্ট অনেকে হয়তো সেই সুযোগ করে দিচ্ছে বিধায় এমনটা হচ্ছে। কিন্তু এটা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য মোটেও শুভ কিছু না। যা টের পেতে হয়তো আর বেশিদিন লাগবে না। বিষয়গুলো ভাবলে, দুঃখ আর কষ্ট ছাড়া আর কিছুই মনে আসে না।’
চলচ্চিত্রের এখনকার অবস্থা প্রসঙ্গে রিয়াজ বলেন, ‘আমাদের সময়ে চলচ্চিত্রে আগে ২০ লাখ টাকা লাভ হলে সেই ছবি হিটের তকমা পেত। আর এখন ৫০ লাখ টাকা ক্ষতি হলেও সে ছবি নাকি হিট! এক কোটি টাকা ক্ষতি হলে সেটা একটু কম হিট!!’
চলচ্চিত্রের বর্তমান অবস্থা নিয়ে এক সময়ের নায়ক রিয়াজ অনেক বেশি চিন্তিত। তিনি বলেন, ‘আমাদের সময়ে আমি ও ফেরদৌস চেষ্টা করেছি চলচ্চিত্রের ভালো কিছু করার। আমাদের সঙ্গে খুব বেশি মানুষকে পাইনি।’
অভিযোগের সুরে রিয়াজ বলেন, ‘আমাদের চলচ্চিত্রে শিক্ষার জায়গায় একটা দেয়াল তৈরি হয়েছে। তাই একটা সময় আমরা নিজের অলক্ষ্যেই সরে এসেছি। শুধু আমরা নই, অনেক নায়িকাও আছেন যাঁদের অনেক সম্ভাবনা থাকা সত্ত্বেও সরে আসতে হয়েছে।’