রিয়াজ মাহমুদ ৫ প্রশ্ন
সম্প্রতি শেষ সংলাপ নাটকটির ৫০তম রজনী পার হলো। মিসরের প্রখ্যাত নাট্যকার তাওফিক-আল-হাকিমের লেখা নাটকটি যৌথভাবে অনুবাদ করেছেন সৈয়দ জামিল আহমেদ ও ম. সাইফুল আলম চৌধুরী। নির্দেশনা দিয়েছেন আকতারুজ্জামান। নাটকটির একটি গুরুত্বপূর্ণ চরিত্র ‘কাজি’ চরিত্রে অভিনয় করেছেন রিয়াজ মাহমুদ। ‘জুয়েল’ নামেই তাঁকে চেনেন মঞ্চের মানুষ। আজকের পাঁচ প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। এ পর্যায়ে ‘শেষ সংলাপ’ নাটকটি ঢাকার মঞ্চে কতটুকু জায়গা করে নিতে পেরেছে বলে মনে হয়?শেষ সংলাপ নাটকটির কাহিনি দেশ-কাল নিরিখে প্রবলভাবে প্রাসঙ্গিক। ইতিমধ্যে অত্যন্ত সফলভাবে প্রযোজনাটি ৫০তম প্রদর্শনী অতিক্রম করেছে। দর্শকের কাছে নাটকটি পৌঁছাতে পেরেছে বলেই আমরা এটি নিয়ে ৫০তম রজনী পর্যন্ত যেতে পেরেছি। শুধু ঢাকাতেই নয়, বাংলাদেশের বিভিন্ন জেলায় নাটকটির প্রদর্শনী হয়েছে এবং ভারতের কলকাতা, মুর্শিদাবাদ ও নদীয়ার দর্শকের কাছেও সমাদৃত হয়েছে।কাজি চরিত্রে কাজ করার অভিজ্ঞতা কেমন?থিয়েটারজীবনে অভিনেতা হিসেবে কাজি চরিত্রটি আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। নাট্যকাহিনিতেও কাজি চরিত্রটির ভূমিকা অনেকখানি। চরিত্রটি নির্মাণ করতে গিয়ে আমি স্তানিস্লাভস্কির অভিনয়পদ্ধতি অনুসরণ করেছি। দর্শক মঞ্চে কাজি চরিত্রটিকে বেশ ভালোভাবেই নিয়েছেন। ব্যক্তিগতভাবে অনেকেই প্রশংসা করেছেন।আপনি তো দীর্ঘদিন থেকে থিয়েটারের সঙ্গে যুক্ত, সে সম্পর্কে বলুন।আমি ১৯৯০ সালে সময় নাট্যদলে যোগ দিই। তারপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাটক ও নাট্যতত্ত্ব বিষয়ে পড়াশোনা করি। সে সময় বাংলা নাটকের পুরোধা ব্যক্তিত্ব আমার শিক্ষক সেলিম আল দীনের সংস্পর্শে আসি। আমি এখন পর্যন্ত সময় নাট্যদলে থিয়েটার চর্চা করছি। থিয়েটারের সঙ্গে জীবনকে জড়িয়ে নিয়েছি। বিশ্ববিদ্যালয়ের বাইরে সময়ের হয়ে আমি এ পর্যন্ত পথনাটক জননী বীরাঙ্গনা, কবর, গণরায়, রেফারি এবং মঞ্চে ৭১-এর ক্ষুদিরাম, ভাগের মানুষ ও সাদা ঘোড়া নাটকে অভিনয় করেছি। অতিসম্প্রতি আমরা ভাগের মানুষ ও সাদা ঘোড়া নাটক দুটি আবার মঞ্চে আনার প্রস্তুতি নিচ্ছি।আপনি তো মাঝখানে কানাডা চলে গিয়েছিলেন?জি। আমি সপরিবারে কানাডা চলে গিয়েছিলাম। আমার স্ত্রীও থিয়েটারের সঙ্গে যুক্ত। সেখানে যাওয়ার পর আমরা কেউই মন বসাতে পারিনি। সব সময় কোথায় যেন কী রকম একটা শূন্যতা অনুভব করছিলাম। তারপরই আমরা ফিরে আসার সিদ্ধান্ত নিলাম। আসলে বিদেশ আমাদের জন্য নয়।বিশ্ববিদ্যালয়ে আপনি নির্দেশনা দিয়েছেন। নির্দেশক হিসেবে কাজ করার পরিকল্পনা আছে কি?বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা প্রযোজনাগুলো আমাদের নিজেদেরই তৈরি করতে হতো। সে সময় অনেক পরীক্ষা প্রযোজনায় নির্দেশক হিসেবে কাজ করেছি। তবে আমাদের দল সময়ের শেষ সংলাপ নাটকটিতে আমি সহকারী নির্দেশক ও রূপসজ্জা পরিকল্পক হিসেবে কাজ করেছি। এত দিন আমি দলের প্রযোজনাগুলোয় মূলত অভিনয় ও নেপথ্যের অন্যান্য কাজের সঙ্গেই যুক্ত ছিলাম। পরিপূর্ণ নির্দেশক হিসেবে আত্মপ্রকাশ করার পরিকল্পনা আছে, তবে এ জন্য দীর্ঘ প্রস্তুতির প্রয়োজন।