রিয়াজের রেস্তোরাঁ চালুর নেপথ্যে

ঢাকাই ছবির অভিনেতা রিয়াজ সম্প্রতি ‘ফুড টোয়েন্টিফোর সেভেন’ নামে একটি রেস্তোরাঁ চালু করেছেন। কিন্তু এই তারকা অভিনেতা হঠাৎ রেস্তোরাঁর ব্যবসায় জড়ালেন কেন? শনিবার রাতে প্রথম আলোকে রিয়াজ জানিয়েছেন তাঁর এই রেস্তোরাঁর ব্যবসা শুরুর পেছনের কারণটি।
‘মাস দুয়েক আগে আমার হার্ট অ্যাটাক হয়েছিল। সুস্থ হওয়ার পর মনে হয়েছে, তখন যদি আমি মরে যেতাম, তাহলে আমার বউ-বাচ্চার কী হতো! অভিনয় থেকে উপার্জিত অর্থ শেষ হয়ে গেলে, আমার পরিবার জীবনধারণ করত কীভাবে?’ সম্প্রতি রেস্তোরাঁর ব্যবসা শুরুর নেপথ্য কারণ বলতে গিয়ে এ কথা বলেছেন ঢাকাই ছবির অভিনেতা রিয়াজ।
রিয়াজ বলেন, ‘আমার পরিবারকে এমন কিছু আমি দিইনি, যা দিয়ে তারা কোনো না-কোনোভাবে জীবনধারণ করতে পারবে।’ তিনি বলেন, ‘সুস্থ হওয়ার পর বারবার অর্থনৈতিক নিরাপত্তার বিষয়টি নিয়ে ভাবতে হয়েছে। উপায় খোঁজার চেষ্টা করেছি, আমার সামনে নিয়মিত আয়ের কোনো পথ খোলা আছে কি না? এরপর বন্ধুবান্ধবদের সঙ্গে আলাপ করে এই রেস্তোরাঁ চালু করার সিদ্ধান্ত নিয়েছি।’
গতকাল শনিবার ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় চালু হয়েছে চিত্রনায়ক রিয়াজের চব্বিশ ঘণ্টার রেস্তোরাঁ। এতে তিনি পরিচালক বিপণন হিসেবে দায়িত্ব পালন করবেন। ‘ফুড টোয়েন্টিফোর সেভেন’ নামের এই রেস্তোরাঁর মালিকানায় রিয়াজ ছাড়াও আছেন তাঁর চারজন বন্ধু।

রিয়াজ বলেছেন, ‘চব্বিশ ঘণ্টার এই খাবারের দোকান নিয়ে আমাদের অনেক বড় স্বপ্ন আছে। আমরা সেভাবেই এগোচ্ছি। এরই মধ্যে দেশের বাইরে এর একটি শাখা খোলার ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত করেছি। ঢাকার নানা প্রান্তেও থাকবে আমাদের আউটলেট।’
খাবারের মান প্রসঙ্গে রিয়াজ বলেন, ‘আমি একজন হার্টের রোগী। চিকিৎসক আমাকে বেশ কিছু নিয়মের মধ্য দিয়ে চলার পরামর্শ দিয়েছেন। খাবারের বেলাতেও রয়েছে অনেক নিয়ম। তাই খাবারের মান, মানুষের স্বাস্থ্যের ব্যাপারে আমি অনেক বেশি সচেতন।’
তাহলে চলচ্চিত্রে আপনাকে একেবারেই দেখা যাবে না? এমন প্রশ্নে রিয়াজ বলেন, ‘চলচ্চিত্রের অবস্থা এমনিতেও খারাপ। আদৌ এ অবস্থার উন্নতি হবে কি না, তা নিয়ে আমার সন্দেহ আছে। তা ছাড়া, চলচ্চিত্রে আমি এখন নিয়মিত নই। অসাধারণ কোনো গল্প পেলে অবশ্যই রেস্তোরাঁর ব্যবসার ফাঁকে সিনেমায় কাজ করব। তবে এই মুহূর্তে আমার সব চিন্তাভাবনা ‘ফুড টোয়েন্টিফোর সেভেন’কে ঘিরেই।’
রিয়াজ আরও বলেন, ‘আমি তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি। জাতীয় পর্যায়ের এই অর্জন নিয়ে বছরে দুইবার রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার আমন্ত্রণপত্র পাওয়া ছাড়া একজন শিল্পী হিসেবে অন্য কোনো ধরনের সুবিধা আমি পাইনি।’ তিনি বলেন, ‘একবার কিংবা দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন—এমন অনেক শিল্পী-কলাকুশলীর অবস্থা আমার চেয়েও খারাপ।’
তিনি এ-ও বলেন, ‘সরকারিভাবে আমাদের কোনো খোঁজ-খবরই নেওয়া হয় না। আমরা জীবনের একটা বড় সময় ধরে মানুষকে বিনোদন দিয়ে যাই। অথচ বিনিময়ে অনেককেই বরণ করতে হয় দুস্থশিল্পীর জীবন! আর তাই এখন বাধ্য হয়ে নিজেই নিজের জীবনের নিরাপত্তার কথা ভাবতে হচ্ছে।’