রিয়ান্নার ‘ঘোরপ্যাঁচের’ মামলা
ব্রিটিশ ফ্যাশন-বাণিজ্যের ক্ষমতাধর প্রতিষ্ঠান টপশপ তাদের নতুন টি-শার্টে ব্যবহার করেছে রিয়ান্নার ছবি। এতে তাঁর খুশি হওয়ারই কথা। উল্টো তিনি ঠুকে দিয়েছেন মামলা। করারই কথা, প্রতিষ্ঠানটি যে অনুমতি না নিয়েই ব্যবহার করেছে রিয়ান্নার ছবি। ২৫ বছর বয়সী এই সংগীত তারকা তাই ৫০ লাখ ডলারের ক্ষতিপূরণ চেয়ে করেছেন এ মামলা। প্রতিষ্ঠানটির সঙ্গে পণ্য-দূতিয়ালির কোনো চুক্তি না থাকার পরও এভাবে ছবি ব্যবহার করাটা আইনত ঠিক হয়নি বলেই দাবি রিয়ান্নার। ছবিস্বত্বের মামলায় ফেঁসে যেতে পারে প্রতিষ্ঠানটি। বাধ্য হতে পারে ক্ষতিপূরণ দিতে। মুফতে রিয়ান্নার পকেটে তাই কাঁড়ি কাঁড়ি ডলার ঢোকার কথা কিছুদিনের মধ্যে। অবশ্য প্রতিষ্ঠানটির দাবি, এই ছবি তারা বৈধভাবেই ব্যবহার করেছে। কারণ, এই ছবি তারা কিনেছে ছবিটির আলোকচিত্রীর কাছ থেকে। এখন রিয়ান্নার কোনো ছবির স্বত্বের মালিকানা তাঁর থাকবে, নাকি সেই ছবিটি তোলা আলোকচিত্রীর, সেটা নির্ধারণ করার ভার আদালতের। মামলাটি বেশ জটিল ঘোরপ্যাঁচের হবে বলেই মনে হচ্ছে! পিটিআই।