হলিউডের ছবি নিয়ে যাঁদের মনে আগ্রহ আছে, তাঁরা এরই মধ্যে জেনে গেছেন, রিয়েল স্টিল ছবিটি এখন চার্টের এক নম্বরে। মার্কিন লেখক রিচার্ড ম্যাথিসনের বৈজ্ঞানিক কল্পকাহিনি ‘স্টিল’ অবলম্বনেই তৈরি হয়েছে শন লেভি পরিচালিত ছবিটি। মূল চরিত্র চার্লি কেন্টনের ভূমিকায় অভিনয় করেছেন হিউ জ্যাকম্যান। এরই মধ্যে বক্স অফিস বাজিমাত করা ছবিটি আয় করেছে কাঁড়ি কাঁড়ি টাকা। একজন সাবেক বক্সার, ভাগ্যদেবী কখনো যার প্রতি সুপ্রসন্ন হয়নি, সে রকম একটি চরিত্রে অভিনয় করেছেন হিউ। কথা হচ্ছে ২০২০ সাল নিয়ে। তখন বক্সিংয়ে মানুষের জায়গায় স্থান করে নিয়েছে রোবট। রোবটরাই বক্সিং করে, মানুষ হয় প্রমোটর। সে রকমই একজন প্রমোটর চার্লি। চার্লি একসময় খবর পায়, তার সাবেক প্রেমিকা মারা গেছে, রেখে গেছে ১১ বছর বয়সী সন্তান। বাবা ও ছেলের মধ্যে এই বক্সিং নিয়েই গড়ে ওঠে সম্পর্ক, এবং সে পথ বেয়েই ঋণমুক্ত হতে পারে চার্লি। চার্লি চরিত্রে অভিনয় করে জ্যাকম্যান এখন রয়েছেন আলোচনায়। তাঁর জীবন ও অর্জন নিয়ে একটু আলোচনা করা যাক। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের সিডনিতে জন্ম নেন বাবা-মায়ের দ্বিতীয় সন্তান জ্যাকম্যান। তাঁর আট বছর বয়সে বাবা-মায়ের মধ্যে বিচ্ছেদ ঘটে। বাবার সঙ্গেই ভাইবোনদের সঙ্গে থেকে যান জ্যাকম্যান। মা ফিরে যান ইংল্যান্ডে। ছেলেবেলা থেকেই সমুদ্রসৈকতে সময় কাটাতে পছন্দ করতেন তিনি। পছন্দ করতেন সারা অস্ট্রেলিয়া ঘুরে বেড়াতে। সারা বিশ্ব ঘুরে দেখার আগ্রহ ছিল তাঁর। মানচিত্রের দিকে তাকিয়ে তিনি কাটিয়েছেন কত না সময়! বড় হয়ে কী হতে চান, এ রকম একটি প্রশ্নের জবাবে জ্যাকম্যান বলেছিলেন, ‘প্লেনে একবার যাচ্ছিলাম, তাতে খাবার পরিবেশন করা হলো। আমি স্থির করলাম, প্লেনের শেফ হওয়াটাই আমার জীবনের লক্ষ্য হওয়া উচিত।’গ্র্যাজুয়েশনের খানিক পরেই জ্যাকম্যান করেলিতে (১০ অংশে বিভক্ত একটি নাট্য সিরিজ, যেটি সম্প্রচারিত হয়েছিল এবিসি’তে) অভিনয়ের অফার পান। জ্যাকম্যান বলেছেন, ‘আমি আসলে মাত্র তেরো সেকেন্ডের জন্য বেকার ছিলাম।’ এখানেই তিনি তাঁর ভবিষ্যৎ স্ত্রী ডেবোরাহ-লি ফারনেসের সঙ্গে পরিচিত হন। পরিচয় থেকেই তাঁদের পরিণয়।১৯৯৮ সালে ওকলাহামা, লন্ডনে মঞ্চনাটক করেই জ্যাকম্যান মূলত অস্ট্রেলিয়ার বাইরে পরিচিত মুখ হয়ে ওঠেন। তাঁর এই পারফরম্যান্সের জন্য তিনি অলিভিয়ের অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হন। ২০০১ সালে রোমান্টিক কমেডি কেইট অ্যান্ড লেওপোল্ড-এ লেওপোল্ড চরিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে গোল্ডেন গ্লোবে মনোনয়ন পান। সে ছবিতে তিনি একজন ভিক্টোরিয়ান ইংলিশ ডিউকের ভূমিকায় অভিনয় করেছিলেন, যিনি দুর্ঘটনাক্রমে সময়ের রথে চড়ে একবিংশ শতাব্দীর ম্যানহাটানে এসে উপস্থিত হন। এখানেই তাঁর পরিচয় হয় কেইটের (মেগ রায়ান) সঙ্গে। ২০০১ সালেই তিনি সোর্ডফিস ছবিতে জন ট্রাভোল্টা, হ্যালি বেরির সঙ্গে অভিনয় করেন। এক্সমেন ছবিতেও জ্যাকম্যানের বিপরীতে অভিনয় করেছিলেন হ্যালি বেরি। ২০০৬ সালে জেমস বন্ড সিরিজের ক্যাসিনো রয়্যাল ছবিতেও তাঁকে অভিনয় করার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন পরিচালক। কিন্তু অন্য ছবিতে ব্যস্ত থাকার কারণে ছবিটি করা হয়নি। সে বছরই উডি অ্যালেনের স্কুপ ছবিটি করেছিলেন। হিউ জ্যাকম্যান অভিনীত এক্সমেন অরিজিনস, দ্য বার্নিং সেশন, অস্ট্রেলিয়া, স্নো ফ্লাওয়ার অ্যান্ড দ্য সিক্রেট ফান ছবিগুলোর কথা মানুষ অনেক দিন মনে রাখবে। তমাল তাহসীনসূত্র: উইকিপিডিয়া ও লস অ্যাঞ্জেলেস টাইমস