রিয়্যালিটি শোর বিচারক সারা পলিন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সারা পলিন
সারা পলিন

সারা পলিনকে তাহলে কি এবার রিয়্যালিটি শোতে বিচারকের ভূমিকাতেই দেখা যাবে? সম্প্রতি এই মার্কিন রাজনীতিক ‘ওরাম স্প্রিং’ নামের একটি প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে এ বিষয়ে চুক্তিবদ্ধ হয়েছেন বলেই নিশ্চিত করেছে ম্যাশেবল নিউজ। মন্টানাভিত্তিক এই প্রতিষ্ঠানটি এরই মধ্যে আরও বেশ কিছু রিয়্যালিটি শো প্রযোজনা করেছে।
আলাস্কার সাবেক গভর্নর ও ২০০৮ সালের নির্বাচনে রিপাবলিকান দলের উপরাষ্ট্রপতি প্রার্থী পলিনকে দর্শকেরা এই নতুন ভূমিকায় ঠিক কীভাবে নেবেন, সেটাই এখন দেখার বিষয়।
তবে সারা পলিনের নতুন এ অনুষ্ঠানের ভাগ্যে এখনো কোনো নাম জোটেনি। আর পলিনের আইনি পরামর্শ দেওয়ার জন্য দরকারি কোনো অনুমতিও নেই। আপাতত তাই পলিনকে নিজের ‘সাধারণ জ্ঞান’কে কাজে লাগিয়েই সমাধান দিতে হবে।
জনপ্রিয় মার্কিন রিয়্যালিটি শো ‘জাজ জুডি’ কিংবা ‘ক্রিস্টিনাস কোর্ট’-এর মতো এই রিয়্যালিটি শোতে সবাই তাঁদের ব্যক্তিগত জীবনের সমস্যাগুলো নিয়ে অনুষ্ঠানের একজন বিচারকের সামনে হাজির হবেন বলেই জানা গেছে। ম্যাশেবল।