রিয়েলিটি শোর শিরোনামসংগীতে ছয় শিল্পী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেকর্ডিংয়ের ফাঁকে স্টুডিওতে শিল্পীরা
রেকর্ডিংয়ের ফাঁকে স্টুডিওতে শিল্পীরা

বাংলাদেশ ও ভারতের কলকাতার শিল্পীদের নিয়ে নির্মিত হচ্ছে একটি রিয়েলিটি শো। সেটি দেখানো হবে সম্প্রচারের অপেক্ষায় থাকা চ্যানেল নাগরিক টিভিতে। ‘দুই বাংলার তারকাদের লড়াই’ নামের ওই অনুষ্ঠানের পূর্বপ্রস্তুতি উপলক্ষে তৈরি হয়েছে একটি গান। তাতে কণ্ঠ দিয়েছেন আঁখি আলমগীর, কনা, কর্ণিয়া, কিশোর, ইমরান ও শওকত আলী ইমন। সম্প্রতি মগবাজারের ভেলোসিটি স্টুডিওতে গানটির রেকর্ডিংয়ে অংশ নেন শিল্পীরা।
‘চমকে চমকে যাবে চমকে, ঠমকে ঠমকে যাবে থমকে/ মন্দিরা খঞ্জনি ঢাক গুড় গুড় গুড়, বাজিল ঝুমুর তারার নূপুর/ দর্শক বলে চোখ কী করে সরাই, দেখ দুই বাংলার তারকাদের লড়াই’—এমন কথার এ গান লিখেছেন কবির বকুল। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটির সুর এবং সংগীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন। প্রথম আলোর সঙ্গে আলাপে তিনি বলেন, ‘এটা যেহেতু দুই বাংলার শিল্পীদের নাচের অনুষ্ঠান, তাই গানটিতে সেই আবহ রাখার চেষ্টা করেছি। বিষয়টা অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল, নিজের জায়গা থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি।’

রিয়েলিটি শো ‘দুই বাংলার তারকাদের লড়াই’ গানটির একটি স্টুডিও সংস্করণের ভিডিও ধারণ করা হয়েছে। চ্যানেলটি চালু হলে দেখানো হবে সেই ভিডিও।