রীতেশের বাবা বিলাসরাওয়ের মৃত্যুতে বলিউডে শোক
বলিউডের অভিনেতা রীতেশ দেশমুখের বাবা মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী বিলাসরাও দেশমুখের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বলিউডের তারকারা। যকৃতের (লিভার) ক্যানসারে ভুগছিলেন বিলাসরাও দেশমুখ। তাঁর দুটি কিডনিও অকেজো হয়ে গিয়েছিল। সংকটাপন্ন অবস্থায় গত সপ্তাহে চেন্নাইয়ের গ্লোবাল হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সেখানে তাঁর লিভার ও কিডনি প্রতিস্থাপনের কথা ছিল। বাবাকে সুস্থ করে তুলতে নিজের যকৃতের একটা অংশ দান করার সিদ্ধান্ত নিয়েছিলেন রীতেশ দেশমুখ। কিন্তু গতকাল মঙ্গলবার বিকেলে শেষনিঃশ্বাস ত্যাগ করেন বিলাসরাও। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী ও তিন ছেলে রেখে গেছেন। সম্প্রতি এক খবরে জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ। বিলাসরাও দেশমুখের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মাধুরী দীক্ষিত, করণ জোহর, রাভিনা ট্যান্ডনসহ বলিউডের বেশ কজন তারকা। শোক প্রকাশের জন্য তাঁরা বেছে নেন টুইটার।মাধুরী দীক্ষিত তাঁর শোকবার্তায় লিখেছেন, ‘বিলাসরাও দেশমুখের মুত্যুর খবর শুনে খুব খারাপ লাগছে। তাঁর পরিবারের সবার প্রতি সহমর্মিতা প্রকাশ করছি।’করণ জোহর লিখেছেন, ‘বিলাসরাও স্যারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। প্রিয় রীতেশ, তুমি এবং তোমার পরিবারের সবাই এই শোক কাটিয়ে ওঠার শক্তি ও সাহস অর্জন করো, এটাই আমি চাই।’রাভিনা ট্যান্ডন লিখেছেন, ‘বিলাসরাও দেশমুখের মৃত্যুতে আমরা যে দুঃখ পেয়েছি, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। রীতেশ ও তাঁর স্ত্রী জেনেলিয়াসহ পরিবারের সবার প্রতি সহমর্মিতা প্রকাশ করছি।’ বিপাশা বসু লিখেছেন, ‘খুবই দুঃখজনক খবর। বিলাসরাও স্যারের মৃত্যুতে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি।’ আফতাব শিবদাসানি লিখেছেন, ‘বিলাসরাও দেশমুখের মুত্যুর খবরে খুবই মর্মাহত হয়েছি। প্রার্থনা করছি, রীতেশ ও তাঁর পরিবারের সবাই এই মৃত্যুশোক দ্রুত কাটিয়ে উঠুক।’