রুক্মিণী প্রসঙ্গে হাতজোড় করলেন দেব

যদিও নায়ক দেবের মুখ থেকে এখনো স্বীকারোক্তি আসেনি, রুক্মিণীর সঙ্গে বাগদান হয়েছি কি হয়নি। তবে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমে এই দুজনকে নিয়ে খবর প্রকাশিত হচ্ছেই। কলকাতার চলচ্চিত্রের এই সময়ের আলোচিত এই নায়িকার জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে দেবের শুভেচ্ছা জানানোর ধরন দেখে সংবাদমাধ্যমে নানা ধরনের সংবাদ প্রকাশিত হয়। কেউ কেউ তো এও বললেন, বাগদত্তার জন্মদিন বলেই এমনটা করেছেন দেব। তা না হলে, এভাবে ভিডিও বানিয়ে, ছবি দিয়ে শুভেচ্ছা জানাতেন না।
গত ২৭ জুন ছিল চ্যাম্প ছবি দিয়ে টলিউডে অভিষেক হওয়া রুক্মিণী মৈত্রের জন্মদিন। প্রথম ছবিতে নায়ক দেবের প্রযোজনা প্রতিষ্ঠান ও সহশিল্পী দেব, বিষয়টাতে সবার নজরেই ছিলেন রুক্মিণী। এ পর্যন্ত যে কয়টা ছবিতে অভিনয় করেছেন সব কটিরই প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে দেব এন্টারটেইনমেন্টের নাম যুক্ত আছে। তাই দুজনের প্রেমের সম্পর্ক নিয়ে টলিপাড়ায় বেশ কানাঘুষা। এবার তো রুক্মিণীর জন্মদিনে অনেকরকম পোস্টের মাধ্যমে ইনস্টাগ্রাম মাতিয়ে রাখলেন দেব। রুক্মিণীর সঙ্গে কয়েকটি ছবির কিপিং নিয়ে একটি সুন্দর ভিডিও বানিয়েছেন দেব ৷ যেখানে বিভিন্ন ছবিতে তাঁদের দুজনের অভিনীত বিশেষ মুহূর্তগুলো রাখা হয়েছে। কেবল একটা ভিডিও পোস্ট দিয়েই ক্ষান্ত ছিলেন না দেব, আরও দুটো ছবি আপলোড করেছেন এই নায়ক। একটিতে বিশাল বড় আকারের থ্রি স্টেকের কেক ৷ রুক্মিণীর জন্য এই কেকটি বানানো হয় বিশেষ অর্ডার করে।

এ ছাড়াও দেব এন্টারটেইনমেন্ট করা জন্মদিনের শুভেচ্ছার পোস্টটিও দেব ইনস্টাগ্রামে শেয়ার করেছেন দেবের এই বিশেষ জন্মদিনের শুভেচ্ছায় সন্দেহটা বাড়িয়ে দিয়েছে। অনেকে আবার এও বলছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে যেভাবে প্রকাশ করেছেন দেব না জানি ব্যক্তিগতভাবে দেব তাঁর প্রেমিকার জন্মদিন উদ্যাপনের অনুষ্ঠান কেমন করেছেন! দেবের পোস্টে কেউ কেউ লিখেছেন, রুক্মিণী আসলেই ভাগ্যবান। দেবের মতো প্রেমিক পাওয়া ভাগ্যের ব্যাপার কারণ সামাজিক যোগাযোগমাধ্যমে ভালোবাসার কথা স্বীকার করতে সৎ সাহস লাগে ৷ আলাদা করে একটি ভিডিও বানিয়ে পোস্ট করে শুভেচ্ছা জানানো তো আর লোক দেখানো হতে পারে না।
জন্মদিনের পোস্টে দেবের ক্যাপশন নজরে এসেছে অনেকের। ভিডিওর পোস্টে দেব লিখেছেন, ‘তোমাকে জন্মদিনের অসংখ্য শুভেচ্ছা রুক্মিণী ৷ আগামী বছর ভালো কাটুক ৷ জীবনের সমস্ত শখ এবং সাফলতা অর্জন কর তুমি ৷ শুভেচ্ছা রইল ৷ হ্যাপি বার্থডে৷ ’
বিশাল বড় আকারের কেকের সামনে বসা অবস্থায় রুক্মিণীর ছবি দিয়ে পোস্টে দেব লিখেছেন, ‘সৃষ্টিকর্তা তোমাকে আনন্দ এবং শান্তি দিক আর সঙ্গে একটু বুদ্ধিও ৷ হ্যাপি বার্থডে সুইটি৷’
এত কিছুর পরও দেব সম্পর্কের বিষয়টি মোটেও স্বীকার করতে রাজি নন। আজ শুক্রবার সকালে প্রথম আলোর সঙ্গে আলাপের একপর্যায়ে রুক্মণী প্রসঙ্গ তুলতেই হাতজোড় করে বিষয়টি এড়িয়ে যান। বললেন, আরে, এসব কিছুই না। সব খবরই ভুয়া।’
দেব ও রুক্মণী কি তাহলে কি শুধুই বন্ধু? এই প্রশ্নের উত্তরও এড়িয়ে যান তিনি। দেব ও রুক্মণীর প্রেমের ও বাগদানের সম্পর্কে টলিউডে যেভাবে ডালপালা মেলছে, তা কতটুকু সত্য জানতে হলে ভক্তদের অপেক্ষা করতে হবে আরও কিছু সময়। সময়ই বলে দেবে তাঁদের সম্পর্ক কোন দিকে গড়াচ্ছে।